সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন, দেশের উন্নয়নকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে।
শনিবার দিনাজপুরের বিরামপুর উপজেলা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির চেক, প্রতিবন্ধী শিশুদের হুইলচেয়ার, শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, হাইব্রিড জাতের তুলা চাষে কৃষকরা আগের তুলনায় বেশি ফলন ও লাভ পাবেন। দেশের তরুণ গবেষকদের নিরলস গবেষণার ফলে তুলা চাষে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। কৃষকরা যদি লাভবান হন, তাহলে ভবিষ্যতে তুলা চাষের প্রতি তাদের আগ্রহ আরও বাড়বে। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি সহায়তায় তুলা উন্নয়ন বোর্ড ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও জানান, পরিবেশ রক্ষা, সবুজ বাংলাদেশ গঠন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে শিমুল, মসলিন তুলা ও ট্রি কটনের চারা বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে তুলা উন্নয়ন বোর্ডের প্রণোদনা কর্মসূচির আওতায় ১০০ জন কৃষকের হাতে বিনামূল্যে হাইব্রিড তুলার বীজ, সার, কীটনাশক, পিজিআর এবং ৩০০টি শিমুল ও মসলিন তুলার চারা তুলে দেওয়া হয়।
তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক রেজাউল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেলিনা আকতার, রংপুর অঞ্চলের উপপরিচালক কৃষিবিদ জাফর আলী, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন, দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আফজাল হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার আতাউদ্দীন আল আজাদ এবং জিনিং কর্মকর্তা আবু জুয়েলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুনের সভাপতিত্বে আয়োজিত পৃথক অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির চেক, প্রতিবন্ধী শিশুদের হুইলচেয়ার এবং উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য গাছের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
এদিন বেলা ১১টার দিকে মন্ত্রী বিরামপুর মহিলা ডিগ্রি কলেজে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় একটি আধুনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পাশাপাশি উপজেলার খানপুর ইউনিয়নের ধানজুরি থেকে কুর্শাখালী পর্যন্ত নবনির্মিত সড়কের উদ্বোধনও করেন।



