পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির-এর বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি সঠিক নয় বলে দাবি করেছে পুলিশ সদর দপ্তর।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, কিছু গণমাধ্যম যাচাই-বাছাই ছাড়াই বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “আইজিপির বাসায় কোনো চুরির ঘটনা ঘটেনি। এ ধরনের তথ্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।”
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ১৬ মার্চ রাত আনুমানিক ১১টার দিকে ঝড়-বৃষ্টির সময় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে বাসার বাইরের ওয়াল সংলগ্ন সার্ভিস লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পরে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি ওই তারগুলো নিয়ে যায়।
ঘটনার পর বিষয়টি থানা পুলিশের নজরে এলে পরদিন অভিযান চালিয়ে খোয়া যাওয়া তার উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) এবং মো. চঞ্চল শেখ (৩৮) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়।
পুলিশ সদর দপ্তর সংশ্লিষ্ট সকলকে এ ধরনের ‘ভ্রান্ত’ ও ‘বিভ্রান্তিকর’ সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে।




