অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) জারি করা ‘অনাপত্তিপত্র (এনওসি) বাধ্যতামূলক’–সংক্রান্ত নির্দেশনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
সোমবার এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে ডিআরইউ নেতারা বলেন, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের কর্মস্থল পরিবর্তন, নিজের উপযুক্ত কর্মক্ষেত্র বেছে নেওয়া এবং স্বাধীনভাবে কাজ করার অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। কোনো সংগঠন বা মালিকপক্ষ একতরফাভাবে এমন নির্দেশনা জারি করে সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা খর্ব করতে পারে না।
তারা বলেন, কর্মস্থল পরিবর্তনের ক্ষেত্রে এনওসি বাধ্যতামূলক করা এবং তা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এটি শ্রম আইন, সাংবাদিকতার নৈতিকতা ও স্বাধীন গণমাধ্যম চর্চার পরিপন্থী।
ডিআরইউ নেতাদের ভাষ্য, এ ধরনের সিদ্ধান্ত গণমাধ্যমে সুষ্ঠু কর্মপরিবেশ নষ্ট করবে। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের মধ্যে ভয়, অনিশ্চয়তা ও অপেশাদার পরিস্থিতি তৈরি করবে।
বিবৃতিতে অবিলম্বে অ্যাটকোর এ বিজ্ঞপ্তি প্রত্যাহারের আহ্বান জানানো হয়। একই সঙ্গে সাংবাদিকদের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত না নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ডিআরইউ নেতারা।



