বলিউডের রোমান্টিক ছবির কথা উঠলেই যে নামটি সবার আগে মনে পড়ে, তা হলো ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলেছে, কিন্তু ‘রাজ’ আর ‘সিমরন’-এর প্রেম যেন আজও একইরকম তাজা।

সম্প্রতি অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস তাদের এক্স প্ল্যাটফর্মে ভ্রমণভিত্তিক কিছু জনপ্রিয় রোমান্টিক সিনেমার পোস্টার শেয়ার করে। সেখানে ‘ইউ মি অ্যান্ড টাস্কানি’, ‘দ্য হলিডে’, ‘ইট প্রে লাভ’-এর পাশাপাশি জায়গা পায় ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’। ক্যাপশনে প্রশ্ন ছিল ভ্রমণকে ঘিরে আপনার প্রিয় রোমান্টিক সিনেমা কোনটি?
এই পোস্টটি নজরে আসতেই দেরি করেননি ‘সিমরন’ খ্যাত কাজল। তিনি পোস্টটি শেয়ার করে খুব সহজভাবে লেখেন, ‘আমি ডিডিএলজে-কে ভোট দিচ্ছি।’ কাজলের এই ছোট্ট প্রতিক্রিয়াই যেন ভক্তদের মনে আবার জাগিয়ে তুলেছে পুরনো দিনের অনুভূতি।
১৯৯৫ সালে মুক্তি পাওয়া এই সিনেমাতে শাহরুখ খান ও কাজলের জুটি দর্শকদের মন জয় করে নেয়। এই সিনেমার মাধ্যমেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন আদিত্য চোপড়া। প্রযোজনায় ছিলেন তার বাবা, কিংবদন্তি নির্মাতা যশ চোপড়া। শুধু গল্প নয়, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ সিনেমার গান, সংলাপ, আর প্রতিটি দৃশ্য সবকিছুই আজও দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা দখল করে আছে। বিশেষ করে সর্ষেখেতের সেই বিখ্যাত দৃশ্য যেন চিরকালীন ভালোবাসার প্রতীক হয়ে আছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সিনেমাটি মুক্তির ৩০ বছর পার করলেও এর জনপ্রিয়তা একটুও কমেনি। এই উপলক্ষে শাহরুখ খান ও কাজল লন্ডনের লেস্টার স্কোয়ারে সিনেমাটির একটি আইকনিক দৃশ্যের ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করেন যা কোনও ভারতীয় সিনেমার জন্য প্রথম।



