
ঢাকা, ১৩ এপ্রিল – রূপালি পর্দায় নিয়মিত দেখা না গেলেও বছরজুড়ে আলোচনায় থাকেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড প্রমোশন এবং শোরুম উদ্বোধনের পাশাপাশি সামাজিক মাধ্যমেও তিনি বেশ সক্রিয়। নতুন লুকের ছবি প্রকাশ করে প্রায়ই ভক্তদের নজর কাড়েন তিনি। তবে অভিনয়ের বাইরে তার ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের প্রবল আগ্রহ রয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দীর্ঘ ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনের নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তারকা।
বিয়ের প্রসঙ্গ উঠলে অপু বিশ্বাস জানান যে অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ে করা তার জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল। নিজের অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন পরিপক্বতা আসার আগে কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
ভবিষ্যতে নতুন করে সংসার সাজানোর কোনো পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি তিনি। অপু জানান বর্তমানে এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় তিনি নেই।
বর্তমান সময়ের সাইবার বুলিং ও সমালোচনা নিয়েও তিনি নিজের অবস্থান তুলে ধরেন। নেতিবাচক সমালোচনায় বিচলিত না হয়ে বরং এগুলো তিনি এড়িয়ে চলেন এবং মাঝেমধ্যে উপভোগ করেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য ২০০৮ সালের ১৮ এপ্রিল জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানকে বিয়ে করেন অপু বিশ্বাস। দীর্ঘ সময় বিষয়টি গোপন রাখার পর ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন চ্যানেলের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে তিনি বিয়ের কথা প্রকাশ্যে আনেন। পরবর্তীতে ২০১৮ সালের ১২ মার্চ এই দম্পতির আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়। তাদের একটি ছেলে সন্তান রয়েছে।
সাক্ষাৎকারে শুটিং ফ্লোরের বিভিন্ন স্মৃতিচারণও করেন এই নায়িকা। তিনি জানান আগের অপু বিশ্বাস অনেক বেশি আবেগী ছিলেন। ক্যামেরার সামনে আবেগের বশবর্তী হয়ে অনেক কিছুই তিনি বলে ফেলতেন। কিন্তু এখন তিনি বুঝতে পেরেছেন যে ক্যামেরার সামনে আবেগ নয় বরং পেশাদারিত্বের সাথেই দর্শকদের মুখোমুখি হতে হয়।
গত ঈদুল ফিতরে তার অভিনীত দুর্বার সিনেমাটি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত তা প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। তবে আসছে কোরবানির ঈদে তার নতুন সিনেমা সিক্রেট মুক্তি পেতে পারে বলে গুঞ্জন রয়েছে। যদিও এই সিনেমাটি নিয়ে এখনই চূড়ান্ত কোনো মন্তব্য করতে রাজি হননি অপু বিশ্বাস।
এনএন/ ১৩ এপ্রিল ২০২৬






