সামুদা কনস্ট্রাকশন লিমিটেডের নিরাপত্তা কর্মকর্তা মো. মিনহাজ আজ দুপুরে প্রথম আলোকে বলেন, ‘কারখানা এলাকা থেকে বের হয়ে বাড়ি যাওয়ার পথে সড়কে অপহরণের শিকার হন প্রকৌশলী বিজয় হোসেন। তাঁকে উদ্ধারের পর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে রয়েছেন।’
অপহরণের শিকার বিজয় হোসেনের ভাই মো. জয় হোসেন প্রথম আলোকে বলেন, ‘পুলিশের আন্তরিক চেষ্টাতেই আমার ভাইকে ফিরে পেয়েছি। সে এখনো ট্রমাটাইজ। হাসপাতালে চিকিৎসা শেষে আমরা তাকে বাড়ি নিয়ে যাচ্ছি। ভাই সুস্থ হলে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেব।’
জানতে চাইলে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা ওই প্রকৌশলীকে নিয়ে বারবার স্থান বদলাতে থাকে। অভিযানের এক পর্যায়ে পুলিশ তাঁকে উদ্ধার করে। এই ঘটনায় ভুক্তভোগী ও তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।
জানতে চাইলে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের দায়িত্বে থাকা শিল্প পুলিশের পরিদর্শক শওকত হোসেন প্রথম আলোকে বলেন, অপহরণকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।



