অবৈধ তেল মজুতকারীর তথ্য দিলে মিলবে লাখ টাকা পুরস্কার | চ্যানেল আই অনলাইন

অবৈধ তেল মজুতকারীর তথ্য দিলে মিলবে লাখ টাকা পুরস্কার | চ্যানেল আই অনলাইন

দেশে জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। এ সংক্রান্ত সঠিক তথ্য দিয়ে সহায়তা করলে তথ্যদাতাকে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

সোমবার (৩০ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও দামে অস্থিরতা তৈরি হয়েছে। এই সুযোগে দেশের কিছু অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত দামে তেল বিক্রি না করে গোপনে মজুত করছে এবং পরে বেশি দামে বিক্রি করছে।

সরকার জানিয়েছে, ইতোমধ্যে মাঠ প্রশাসন বেশ কিছু অসাধু চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তবে এ ধরনের কার্যক্রম বাড়তে থাকায় জ্বালানির সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে তথ্যদাতাদের জন্য আর্থিক পুরস্কারের এই উদ্যোগ নেওয়া হয়েছে। যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ বিষয়ে তথ্য দিতে পারবে এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে পুরস্কারের অর্থ প্রদান করা হবে।

Scroll to Top