
অবসর নিয়ে গুঞ্জনের অবসান ঘটালেন অমিতাভ বচ্চন। ৮৩ বছর বয়সী এই বলিউড মহাতারকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখনই অভিনয় কিংবা কাজ থেকে সরে দাঁড়ানোর কোনো পরিকল্পনা তার নেই।
সম্প্রতি নিজের ব্লগে ‘অবসর’ শব্দটি ব্যবহার করে একটি লেখা প্রকাশ করেছিলেন অমিতাভ। এরপরই ভারতীয় গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, তিনি হয়তো দীর্ঘ ক্যারিয়ারে ইতি টানার কথা ভাবছেন। এবার সেই গুঞ্জনের জবাব দিয়েছেন খোদ অভিনেতা।
নিজের লেখা একটি প্রতিবেদনের ছবি ব্লগে শেয়ার করে অমিতাভ বচ্চন লিখেছেন, তিনি আসলে লিখেছিলেন-‘অনেক রাত হয়েছে, অবসর নেওয়ার সময়।’ তার বক্তব্য ছিল, এর অর্থ কাজ থেকে অবসর নেওয়া নয়, বরং দিনের কাজ শেষ করে ঘুমাতে যাওয়ার কথা। কিন্তু সংবাদমাধ্যম সেটিকে তার অভিনয়জীবন থেকে অবসর নেওয়ার ইঙ্গিত হিসেবে তুলে ধরেছে।
অমিতাভের ভাষায়, ‘না জনাব, আমি এখনই কাজ থেকে অবসর নিচ্ছি না। ইংরেজিতে এর অর্থ হলো, আমি এখন ঘুমাতে যাচ্ছি। আর সেখানে আপনাকে আসার আমন্ত্রণ জানানো হয়নি।’
অমিতাভের এই রসিক মন্তব্যের মধ্য দিয়েই অবসর নিয়ে তৈরি হওয়া জল্পনার অবসান হলো। আগামী ১১ অক্টোবর ৮৪ বছরে পা দেবেন তিনি। বয়স ৮০ পেরিয়েও নিয়মিত অভিনয় ও টেলিভিশনে কাজ করে যাচ্ছেন এই কিংবদন্তি অভিনেতা।
বর্তমানে জনপ্রিয় কুইজ অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৮তম মৌসুমের উপস্থাপনা করছেন অমিতাভ বচ্চন। ২০০০ সালে শুরু হওয়া অনুষ্ঠানটির সঙ্গে দীর্ঘদিন ধরেই তার নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। চলতি মৌসুমটি গত ১০ আগস্ট থেকে প্রচারিত হচ্ছে।
অনুষ্ঠানের আসন্ন একটি পর্বেও অমিতাভের ব্যক্তিজীবনের মজার একটি বিষয় উঠে আসবে। এক প্রতিযোগী তাকে প্রশ্ন করেন, কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে স্ত্রী জয়ী বচ্চন সাজগোজ করতে সময় নিলে তিনি কখনো অপেক্ষা করেন কি না। প্রশ্নটি শুনে প্রতিযোগীকে ‘ভালো প্রশ্ন’ বলে প্রশংসা করেন অমিতাভ। এরপর সময়মতো অনুষ্ঠানে পৌঁছানোর জন্য তিনি ও জয়াকে নিয়ে মজার একটি কৌশলের কথাও জানান।
অমিতাভ বলেন, কোথাও যাওয়ার সময় যদি সন্ধ্যা ৬টার সময় নির্ধারিত থাকে, তাহলে তিনি জয়াকে ৫টার সময়ের কথা জানান। এতে জয়া একটু আগেই প্রস্তুতি শুরু করেন এবং শেষ পর্যন্ত তারা নির্ধারিত সময়েই অনুষ্ঠানে পৌঁছাতে পারেন।
অভিনয়ের ক্ষেত্রে অমিতাভ বচ্চনের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ২০২৪ সালের ‘ভেট্টাইয়ান’, যেখানে রজনীকান্তের সঙ্গে অভিনয় করেছেন তিনি। –এনডিটিভি
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…