অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সরকার ‘শূন্য সহনশীলতা’ নীতি গ্রহণ করেছে। সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে তিনি এ কথা বলেন।

অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি জানান, আগামী ৩০ এপ্রিল সংসদের বর্তমান অধিবেশন শেষ হওয়ার পরপরই সারাদেশে মাদক, জুয়া এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে সমন্বিত ও কঠোর সাঁড়াশি অভিযান শুরু করা হবে। দেশের তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এই অভিযানে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুক রাজধানীর অভিজাত এলাকায় আবাসিক ভবন ও রেস্তোরাঁর আড়ালে অবৈধ ‘সিসা লাউঞ্জ’ পরিচালনার বিষয়টি সংসদে উত্থাপন করলে মন্ত্রী এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দেশে মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। সংসদের অধিবেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সারাদেশে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে। তিনি জোর দিয়ে বলেন, তরুণ প্রজন্মকে রক্ষা করতে এ উদ্যোগের কোনো বিকল্প নেই।

তিনি আরও অভিযোগ করেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত পূর্ববর্তী সরকারের সময়ে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি ও প্রশাসনের কিছু কর্মকর্তার আশ্রয়ে গুলশান, বনানী, ধানমন্ডি ও উত্তরার মতো এলাকায় অবৈধ সিসা বার ও মাদককেন্দ্র গড়ে উঠেছিল। বর্তমানে এসব স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। গত ১৬ ও ২০ এপ্রিল রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিসা ও সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করা হয়েছে।

অবৈধ ব্যবসা যেন স্থান পরিবর্তন করে বা প্রশাসনের চোখ এড়িয়ে চালু থাকতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে এসব অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইতোমধ্যে অনেক অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের সহায়তায় ট্রেড লাইসেন্সবিহীন অবৈধ প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করে বন্ধ করার কাজ চলছে। আগামী ৩০ এপ্রিলের পর শুরু হতে যাওয়া বিশেষ অভিযানে জেলা ও উপজেলা পর্যায়ে সব আইনশৃঙ্খলা বাহিনী অংশ নেবে বলে তিনি সংসদকে আশ্বস্ত করেন।

Scroll to Top