Last Updated:
এ দিন সকাল থেকেই তালিকা প্রকাশের আশায় সল্টলেকে এসএসসি-র দফতর ডিরজিও ভবনের সামনে ভিড় জমান চাকরি হারানো হাজার হাজার শিক্ষক৷

কলকাতা: চাকরিহারা শিক্ষকদের দাবি অনুযায়ী শেষ পর্যন্ত যোগ্য অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করল না এসএসসি৷ দিনভর টানাপোড়েনের পর সোমবার মাঝরাতে বিবৃতি দিয়ে এসএসসি জানাল, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই যাবতীয় পদক্ষেপ করা হবে৷ পাশাপাশি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শিক্ষা দফতর যোগ্য শিক্ষকদের বেতনও দেবে বলে এসএসসি-র বিবৃতিতে জানানো হয়েছে৷ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও একই কথা জানিয়েছেন৷
কয়েকদিন আগে শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিহারা শিক্ষকদের আলোচনায় ২১ এপ্রিল যোগ্য অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশের বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছিল৷ তবে সবটাই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এবং আইনি পরামর্শ করার পর করা হবে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী৷ সেই মতো এ দিন সকাল থেকেই তালিকা প্রকাশের আশায় সল্টলেকে এসএসসি-র দফতর ডিরজিও ভবনের সামনে ভিড় জমান চাকরি হারানো হাজার হাজার শিক্ষক৷
আরও পড়ুন: এবারেও হল না দাবিপূরণ! ডিরোজিও ভবনে অনশনের ডাক দিলেন ৬ চাকরিহারা শিক্ষক
শিক্ষকদের একটি প্রতিনিধি দলও এসএসসি-র চেয়ারম্যান এবং আধিকারিকদের সঙ্গে আলোচনা করতে দফতরের ভিতরে যান৷ প্রথমে শোনা গিয়েছিল, সন্ধে ৬ টা নাগাদ তালিকা প্রকাশ হতে পারে৷ যদিও শেষ পর্যন্ত তা হয়নি৷ এর পরই ধৈর্যের বাঁধ ভাঙে বিক্ষোভকারী শিক্ষকদের৷ পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তিও হয়৷ ডিরজিও ভবনের প্রধান গেট কার্যত অবরুদ্ধ করে রাখেন বিক্ষোভকারীরা৷ তালিকা প্রকাশের দাবিতে অনশনও শুরু করেন চাকরি হারানো কয়েকজন শিক্ষক৷ তালিকা প্রকাশ না করলে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে এসএসসি দফতর থেকে বেরোতে দেওয়া হবে না বলেও হুমকি দেন বিক্ষোভকারীরা৷ শেষ পর্যন্ত রাত ১২টা নাগাদ এই সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করেন এসএসসি-র চেয়ারম্যান৷ সেই বিবৃতিতে যা বলা হয়েছে, তা শুনে ফের ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারী শিক্ষকরা৷
এসএসসি চেয়ারম্যানের জারি করা বিবৃতিতে দুটি বিষয় বলা হয়৷ প্রথমত, ২০১৬ সালের শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে স্পষ্ট ভাবে জানানো হচ্ছে যে মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশই অনুসরণ করবে এসএসসি৷ দ্বিতীয়ত, শিক্ষা দফতর জানাচ্ছে যে শিক্ষকরা স্কুলে গিয়ে পড়িয়েছেন, বর্তমান ব্যবস্থা অনুযায়ীই তাঁদের বেতন দেওয়া হবে৷
এসএসসি চেয়ারম্যানের এই বিবৃতির পরেই ডিরজিও ভবনের মূল গেটের সামনে পুলিশ বাহিনীর সংখ্যা অনেকটাই বাড়ানো হয়৷ গভীর রাত পর্যন্ত শিক্ষকরা তাঁদের অবস্থান বিক্ষোভ জারি রাখেন৷ কিছুক্ষণের মধ্যেই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তুমুল ধস্তাধস্তি শুরু হয়৷
Kolkata,West Bengal
April 22, 2025 12:55 AM IST
SSC: আধ ঘণ্টার মধ্যে ব্যবস্থা করতে হবে মহিলা শৌচালয়ের, নইলে এসএসসি ভবনের ভিতরে প্রবেশের ‘হুঁশিয়ারি’ চাকরিহারাদের



