Last Updated:
South Dinajpur: আগামী ৭ নভেম্বর থেকে বালুরঘাট ব্লকের বোল্লা গ্রামে শুরু হবে উত্তরবঙ্গের সর্ববৃহৎ কালীপুজো ও চার দিনব্যাপী মেলা। এই পুজোর বিশেষত্ব হল, এখানে মায়ের ভোগে দেওয়া হয় চিনির তৈরি বাতাসা অথবা কদমা।
News18
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী: প্রথা অনুযায়ী রাস পূর্ণিমার পরের শুক্রবার অর্থাৎ আগামী ৭ নভেম্বর থেকে বালুরঘাট ব্লকের বোল্লা গ্রামে শুরু হবে উত্তরবঙ্গের সর্ববৃহৎ কালীপুজো ও চার দিনব্যাপী মেলা। বোল্লা মায়ের পুজো ও মেলা ঘিরে এবছর মিষ্টান্ন ব্যবসায়ীদের বাজার চাঙ্গা। মেলা উপলক্ষে বোল্লাতে মজুত হচ্ছে কুইন্টাল কুইন্টাল ভোগের বাতাসা।
দক্ষিণ দিনাজপুর জেলা তথা উত্তরবঙ্গের ছটি জেলার মধ্যে সবথেকে বড় মেলা হিসেবেই পরিচিত বোল্লা কালীর মেলা। এই পুজোর বিশেষত্ব হল, এখানে মায়ের ভোগে দেওয়া হয় চিনির তৈরি বাতাসা অথবা কদমা। শুক্রবার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত লক্ষ লক্ষ ভক্তরা আসবেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। থেকে এমনকি রাজ্যের বাইরে ও বাংলাদেশ থেকেও আসেন ভক্তরা। পূর্ণার্থীরা এই পুজোয় মায়ের পছন্দের ভোগ হিসেবে নিবেদন করেন চিনির তৈরি বাতাসা।
বাতাসার এক কারিগর জানান, সারা বছরে তাঁরা একটাই মেলা করে। শ্যামা পুজোর পরেই বোল্লা মেলা চত্বরে আসেন। এরপরেই জোরকদমে কাজ চলতে থাকে। তবে ছটপুজোর জন্য চিনির গাড়ি আসতে কয়েকদিন দেরি করেছে। সেই ঘাটতি মিটিয়ে দিনরাত কাজ করছেন কারিগরেরা।
পুজোর মধ্যে অন্যতম বাতাসা ভোগের জোগান স্বাভাবিক রাখতে আগেভাগেই বোল্লায় চলে আসেন মিষ্টির কারিগররা। প্রায় একমাস আগে থেকে বোল্লায় কারখানা করে থাকেন মালদহের কারিগররা। তৈরি করছেন ভোগের বাতাসা।
Dakshin Dinajpur,West Bengal
November 05, 2025 4:04 PM IST


