Last Updated:
বিল্ডিং থেকে সবকিছু হয়ে গেলেও কেন হচ্ছে না মোয়া হাবের উদ্বোধন?
জয়নগরের মোয়া হাব
দক্ষিণ ২৪ পরগনা: জয়নগরের মোয়ার নাম জগৎজোড়া। তারপর জিআই স্বীকৃতি পাওয়ার পর এই মিষ্টান্নটি আরও নামজাদা হয়ে উঠেছে। মোয়ার প্রসার ঘটাতে উদ্যোগী রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মোয়া হাব তৈরির ঘোষণা করেছিলেন। তারপর জয়নগর-মজিলপুর পুর এলাকায় মোয়া হাবের জন্য বাড়ি তৈরির কাজ শুরু করেছিল খাদি গ্রামীণ শিল্প বোর্ড। সেই কাজ শেষ হয়ে গিয়েছে। কিন্তু উদ্বোধন এখনও হয়নি।
কারণ হিসেবে খাদি বোর্ড সূত্রে জানা গিয়েছে, ইতালি থেকে প্যাকেজিংয়ের জন্য মেশিন আসতে দেরি হচ্ছে। ফলে দেখা দিয়েছে জটিলতা। খাদি গ্রামীণ শিল্প বোর্ডের প্ল্যানিং বিভাগের আধিকারিক বিশ্বজিৎ সরকার বলেন, ‘কিছু সমস্যা হয়েছে। তবে তা দ্রুত মেটানোর চেষ্টা হচ্ছে।’ তবে উদ্বোধন কবে হবে তা নিয়ে স্পষ্ট উত্তর এখনও মেলেনি। যে কারণে জয়নগর ও বহডুর মোয়া ব্যবসায়ীরা ক্ষুব্ধ। জয়নগর-মজিলপুর পুরসভার তিন নম্বর ওয়ার্ডে রয়েছে পুরসভার একটি মাঠ। সেখানে সাড়ে চার কাঠা জমিতে মোয়া হাব তৈরি হয়েছে। দু’কোটি ১২ লক্ষ টাকা খরচ করে প্রজেক্ট হয়েছে।
আরও পড়ুন: জয়নগরের মোয়ায় এবার কিউআর কোড! সহজেই জেনে নিতে পারবেন নাড়ি নক্ষত্র
এর আগে খাদি বোর্ডের কর্তারা জানিয়েছিলেন, চলতি বছরে মোয়ার ব্যবসায়ীরা মরসুম শুরুর আগেই উদ্বোধন হয়ে যাবে হাবের। প্রসঙ্গত জয়নগরে হাব তৈরির পরিকল্পনা হয় প্রায় তিন বছর আগে। কিন্তু বারবার জায়গা বদলের পরিকল্পনা হওয়ায় কাজ থমকে ছিল। প্রথমে জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল ও পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুজিত সরখেলের উদ্যোগে মিত্রগঞ্জে জায়গা দেখা হয়েছিল। কিন্তু সেই জায়গা নিয়ে আপত্তি তুলেছিল খাদি বোর্ড। ফলে কাজ পিছিয়ে যায়। এরপর পুরসভার ক্ষমতায় আসে তৃণমূল। চেয়ারম্যান সুকুমার হালদার হাব তৈরির জন্য তিন নম্বর ওয়ার্ডে জায়গা চিহ্নিত করেন। গত জানুয়ারি মাস থেকে কাজ শুরু হয়। এরপর মুখ্যমন্ত্রী জয়নগরের বহডুতে একটি সরকারি অনুষ্ঠানে এসে মোয়া হাবের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন। সেই হাবের একতলায় হবে কমন ফেসিলিটি সেন্টার।
আরও পড়ুন: সুন্দরবনে পাইপলাইনের পানীয় জল নিয়ে হচ্ছেটা কী! জানলে আপনিও চমকে যাবেন
জানা গিয়েছে, পানীয় জলের সংযোগ হয়ে গিয়েছে। শুধু প্যাকেজিং মেশিন নেই বলে উদ্বোধন হচ্ছে না। বহডুর মোয়া ব্যবসায়ীরা বলেন, মেশিন এলেই দ্রুত কাজ শেষ করে উন্নত প্যাকেজিংয়ের মাধ্যমে মোয়া রফতাfনি করা যাবে। কিন্তু বছরের পর বছর কেটে যাচ্ছে কিন্তু হাব চালু হচ্ছে না।
সুমন সাহা
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
December 12, 2024 1:18 PM IST



