Purulia News: সরকারিভাবে ধান কেনার লক্ষ্যমাত্রা বৃদ্ধি হয়েছে, খুশির খবর পুরুলিয়ায়

Purulia News: সরকারিভাবে ধান কেনার লক্ষ্যমাত্রা বৃদ্ধি হয়েছে, খুশির খবর পুরুলিয়ায়

Last Updated:

দারুণ খুশির খবর পুরুলিয়ায় , জেলা প্রশাসন বাড়িয়েছে ধান কেনার লক্ষ্যমাত্রা!

বাড়ানো হয়েছে ধান কেনার লক্ষ্যমাত্রাPurulia News: সরকারিভাবে ধান কেনার লক্ষ্যমাত্রা বৃদ্ধি হয়েছে, খুশির খবর পুরুলিয়ায়
বাড়ানো হয়েছে ধান কেনার লক্ষ্যমাত্রা

পুরুলিয়া : ধান কেনার মরশুমে দারুণ খবর পুরুলিয়ায়।‌ জেলায় বাড়ানো হয়েছে ধান কেনার লক্ষ্যমাত্রা। খুশির আবহ জঙ্গলমহলে। ‌ জেলা খাদ্য ও সরবরাহ দফতর সূত্রে জানা গিয়েছে, বিগত বছর পুরুলিয়া জেলায় ২ লক্ষ ৪৭ হাজার ৯৯০ মেট্রিক টন ধান ক্রয় করার লক্ষ্যমাত্রা ছিল। এ’বছর তা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৭০ হাজার মেট্রিক টন। সরকারি নিয়ম অনুসারে ২ নভেম্বর থেকে ধান কেনার কাজ পুরুলিয়ায় শুরু হলেও ধান এখনও সরকারি কেন্দ্রে আসেনি। ফলে গতিও আসেনি ধান কেনার কাজে।

পুরুলিয়া জেলা খাদ্য নিয়ামক জওহর আলম বলেন, এই মরশুমে জেলায় ধান কেনার লক্ষ্যমাত্রা রয়েছে ২ লক্ষ ৭০ হাজার মেট্রিক টন। ধান কেনার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলেও এখনও সরকারি কেন্দ্রগুলিতে সেভাবে ধান আসছে না। জেলার অধিকাংশ ব্লক এলাকাতেই ধান কাটার কাজ শেষ হয়নি। ফলে এখনও বহু জায়গায় ধান তোলা বাকি রয়েছে। মূলত ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত জেলায় ধান কেনার কাজ দ্রুত গতিতে হয়। কারণ এই সময় কৃষকরা ধান ঘরে তুলে তা বিক্রি করতে নিয়ে যান। প্রশাসন সতর্ক, যাতে অভাবের তাড়নায় কোনও কৃষককে খোলা বাজারে সস্তায় ধান বিক্রি করতে না হয়। কৃষকরা যাতে সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রি করতে পারেন, তার জন্য ক্রমাগতই প্রচার চালাচ্ছে খাদ্য ও সরবরাহ বিভাগ।

পুরুলিয়া জেলা খাদ্য ও সরবরাহ দফতর সূত্রে জানা গিয়েছে, এই বছর জেলায় মোট ২৫-টি সরকারি কেন্দ্রে ধান বিক্রি করতে পারবেন কৃষকরা। তার মধ্যে রয়েছে ২০-টি কিষাণ মান্ডি। এছাড়াও বেনফেড ধান কিনবে ২৯-টি কেন্দ্র। ৫২-টি অত্যাবশ্যকীয় পণ্যের কেন্দ্র রয়েছে। এক কুইন্টাল ধানের দাম রাখা হয়েছে ২৩০০ টাকা। এর সঙ্গে দেওয়া হবে কুড়ি টাকা উৎসাহ ভাতা। যদি সরকারি কেন্দ্রে কৃষকেরা ধান বিক্রি করেন তবেই এই উৎসাহ ভাতা মিলবে।

সরকার নির্ধারিত এই ধানের মূল্য নিয়ে সন্তুষ্ট নয় ‘অল ইন্ডিয়া কিষান ক্ষেত মজদুর’ সংগঠনের পুরুলিয়া জেলা কমিটি। ধানের দাম বাড়াতে হবে, এই দাবি নিয়ে ইতিমধ্যেই পুরুলিয়ার জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন তারা। জেলা প্রশাসনের কাছে ধানের দাম কুইন্টাল পিছু ৩০০০ টাকা রাখার দাবিও জানিয়েছেন তারা। মূলত এই সময় ফোড়েরা বিভিন্ন গ্রামে ঘুরে-ঘুরে ধান ক্রয় করেন। সামান্য টাকায় তারা ধান কেনেন। নগদ টাকার বিনিময়ে ধান বিক্রি করে দেন কৃষকেরা। তাই কৃষকদের ফড়েদের হাত থেকে রক্ষা করতে সজাগ রয়েছে জেলা প্রশাসন।

শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়

Scroll to Top