
Last Updated:
Private Medical College: হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ১৪.৯২ কোটি টাকা রাজীবের অ্যাকাউন্টে জমা দেন তাঁরা। কিন্তু অভিযোগ, এর পরও কোনও কাজ হয়নি । পরে কর্তৃপক্ষ বুঝতে পারেন যে তাঁরা প্রতারণার শিকার।
কলকাতা : বড়সড় প্রতারণার শিকার যাদবপুরের কেপিসি মেডিক্যাল কলেজ। অভিযোগ, এক প্রতারকের পাল্লায় পড়ে প্রায় ১৫ কোটি টাকা খোয়াতে হয়েছে এই বেসরকারি মেডিক্যাল কলেজকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে জনৈক রাজীব ঘোষ নিজেকে ঠিকাদার বলে পরিচয় দিয়ে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে বলেন যে তিনি হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন করে দেবেন। অভিযোগ, সেই মোতাবেক ভুয়ো নথি দেখিয়ে কাজের টেন্ডার তোলেন রাজীব। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ১৪.৯২ কোটি টাকা রাজীবের অ্যাকাউন্টে জমা দেন তাঁরা। কিন্তু অভিযোগ, এর পরও কোনও কাজ হয়নি । পরে কর্তৃপক্ষ বুঝতে পারেন যে তাঁরা প্রতারণার শিকার।
আরও পড়ুন : আরজিকর চিকিৎসক ধর্ষণ ও খুন কাণ্ডে অভিযুক্তর সর্বোচ্চ সাজার আবেদন নির্যাতিতার পরিবারের
রাজীবের বিরুদ্ধে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করে হাসপাতাল। অবশেষে পুলিশের জালে গ্রেফতার হয়েছে রাজীব। প্রসঙ্গত এর আগে বার বার শিরোনামে এসেছে এই বেসরকারি মেডিক্যাল কলেজ। ২০১৬ সালে দুর্নীতির অভিযোগে কেপিসি মেডিক্যাল কলেজে ভর্তি প্রক্রিয়া বাতিল করা হয়। মেডিক্যালে ম্যানেজমেন্ট কোটায় দুর্নীতির অভিযোগ নিয়ে মামলা হয় কলকাতা হাই কোর্টে। সেই মামলার ভিত্তিতে ম্যানেজমেন্ট কোটায় ৭৭ আসনে ভর্তি বাতিলের নির্দেশ দেয় আদালত। নতুন করে ভর্তি প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়। ভর্তির ক্ষেত্রে বিরাট আর্থিক কেলেঙ্কারি রয়েছে বলে মনে করেছিল হাই কোর্ট। এ বার ফের শিরোনামে দক্ষিণ কলকাতার নামী এই বেসরকারি হাসপাতাল। হাসাপাতাল কর্তৃপক্ষই এ বার আর্থিক প্রতারণার কবলে পড়েছে।
Kolkata,West Bengal
January 04, 2025 10:58 PM IST