Last Updated:
গরমের ছুটিতে এবার পড়ুয়াদের হাতে কলমে পরিবেশ সংক্রান্ত বেশকিছু পাঠ শেখানো হয়
প্রকৃতির কোলে পডুয়ারা
উত্তর ২৪ পরগনা: গ্রীষ্মের ছুটিতে পড়ুয়াদের পরিবেশ শিক্ষায় বিশেষ উদ্যোগ মিনাখাঁয়। গ্রীষ্মের অবকাশে এক অন্য রকম অভিজ্ঞতার সাক্ষী রইল মিনাখাঁর নিরিবিলি, সবুজে মোড়ানো গ্রাম। পরিবেশ সচেতনতা, স্বাস্থ্য পরিচর্যা, সৃজনশীলতা এবং নিঃসন্দেহে আনন্দ—এই সব কিছুর সমন্বয়ে একটি ব্যতিক্রমী শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় বসিরহাট মহাকুমার মিনাখার নিমিচির একটি বাগান বাড়িতে।
এই বিশেষ উদ্যোগে অংশ নেয় কয়েকটি বিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রী। সবুজ প্রকৃতির কোলে, খোলা আকাশের নিচে তারা হাতে-কলমে শিখল পরিবেশ সম্পর্কে বিভিন্ন দিক। শিক্ষামূলক অংশের পাশাপাশি ছিল স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা, সচেতনতামূলক আলোচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যা শিশুদের পরিবেশ সচেতন করে তোলার এক কার্যকরী পদক্ষেপ।
এই পুরো আয়োজনে ছিল প্রকৃতির ছোঁয়া—ছেলেমেয়েরা মুক্ত বাতাসে খোলা মাঠে খেলাধুলায় মেতে ওঠে। শহরের কোলাহল ছেড়ে গ্রামীণ পরিবেশে তারা অনুভব করে প্রকৃতির শান্তি, যা তাদের মনোজগতে এনে দেয় এক প্রকার প্রশান্তি ও আনন্দ। প্রাথমিক শিক্ষক সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দিনের শেষে ছিল উৎসবের আর এক চমক—ছাত্রছাত্রীদের জন্য ছিল আনন্দঘন মহাভোজের আয়োজন। সকলের মধ্যে ছিল উৎসাহ, হাসি ও উল্লাস।
এই ধরনের অনুষ্ঠান শুধু শিক্ষামূলকই নয়, বরং শিশুমনে পরিবেশের প্রতি দায়িত্ববোধ, প্রকৃতির প্রতি ভালবাসা ও সামাজিক সংহতির বীজ বপন করে। মিনাখাঁর প্রত্যন্ত গ্রাম্য এলাকার মাটিতে এমন উদ্যোগ নিঃসন্দেহে এক দৃষ্টান্ত স্থাপন করল।
জুলফিকার মোল্যা
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
North 24 Parganas News: গরমের ছুটিতে ঘরে ঢুকে সময় কাটানো নয়! এবার খুদে পড়ুয়ারা শিখল নতুন কিছু, দারুণ উদ্যোগ স্কুলের



