Last Updated:
বাঙালিদের বিরুদ্ধে বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, এই নিয়েই এবার পথে নামতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক মাস ধরে বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই ঘটনা প্রায়ই ঘটছে, এই নিয়েই ১৬ জুলাই পথে নামবেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

কলকাতা: বাঙালিদের বিরুদ্ধে বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, এই নিয়েই এবার পথে নামতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক মাস ধরে বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই ঘটনা প্রায়ই ঘটছে, এই নিয়েই ১৬ জুলাই পথে নামবেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
ওই দিন দেশ জুড়ে প্রতিবাদে নামবে তৃণমূল। কলকাতায় পথে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ওড়িশাতেও কিছু দিন আগে বাঙালি শ্রমিকদের আটকে রাখা হয়েছিল। সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, বাংলায় কথা বললে এনআরসিতে নাম থাকবে। সেই নিয়েই পথে নামবে তৃণমূল। আগামী ১৬ জুলাই কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, দুপুর ১ টা থেকে মিছিল। ওইদিন দুপুরে প্রতি জেলায় ২-৪ টে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এই মিছিল বাঙালিদের পাশে দাঁড়ানোর জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনই রাজনৈতিক গুরুত্বও রয়েছে। ১৬ জুলাইয়ের পাঁচ দিন পরেই ২১ জুলাইয়ের মেগা সমাবেশ। ২৬-এর বিধানসভার আগে ওটাই শেষ সমাবেশ, তাই ১৬ তারিখ থেকেই সেই আবহ তৈরি করতে পারবে তৃণমূল।
পাশাপাশি ১৮ তারিখ দুর্গাপুরে সমাবেশ রয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তার আগে বাঙালি আবেগকে গুরুত্ব দিতে চাইছে রাজ্যের শাসকদল।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
July 13, 2025 7:30 PM IST



