Last Updated:
Maha Shivratri 2025: নামে একশো আট শিব মন্দির। আসলে এখানে আছে একশো নটি। জপমালার মতো আছে একশো আটটি মন্দির। বাকি একটি একটু দূরে, গলার হারে লকেটের মতো। বর্ধমানের একশো আট মন্দিরের খ্যাতি এখন ভারত জোড়া।

বর্ধমানঃ শিবরাত্রি উপলক্ষে অগণিত ভক্তের ভিড় বর্ধমানের ১০৮ শিব মন্দিরে। পুজোর ডালি হাতে নিয়ে দীর্ঘ লাইনে অপেক্ষায় দর্শনার্থীরা। শুধু এ রাজ্যের বাসিন্দারা নন, অন্যান্য রাজ্য থেকেও ভক্তরা এসেছেন রাজ আমলে প্রতিষ্ঠিত বর্ধমানের এই একশো আট শিব মন্দিরে। শিবরাত্রি উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। মেলা বসেছে মন্দির সংলগ্ন এলাকায়।
নামে একশো আট শিব মন্দির। আসলে এখানে আছে একশো নটি। জপমালার মতো আছে একশো আটটি মন্দির। বাকি একটি একটু দূরে, গলার হারে লকেটের মতো। বর্ধমানের একশো আট মন্দিরের খ্যাতি এখন ভারত জোড়া। সারা বছর দেশের বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা এই মন্দিরে পুজো দিতে আসেন। বর্ধমানের নবাবহাটে প্রায় দুশো তিরিশ বছর আগে বহু অর্থ ব্যয় করে এই মন্দির গড়েছিলেন মহারানি।
আরও পড়ুনঃ সব কিছুতেই খালি জেদ আর জেদ…! সন্তানের রাগ-বায়না-বিরক্তি কাটবে সহজেই, মা-বাবাদের জন্য ৫ মোক্ষম টোটকা
মহারানি বিষণকুমারীর বর্ধমানের নবাবহাটে ১০৮ শিবমন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের নির্মাণ শুরু হয়েছিল ১৭৮৮ খ্রিস্টাব্দে। শেষ হয়েছিল ১৭৯০ খ্রিস্টাব্দে। সেই সময় বর্ধমান সংলগ্ন নবাবহাট এলাকায় মহামারি দেখা দিয়েছিল। বহু মানুষের মৃত্যু হয়েছিল। স্বজনদের হারিয়ে শোকে মুহ্যমান হয়ে গিয়েছিলেন এই এলাকার বাসিন্দারা। এলাকায় মন্দির গড়ে বাসিন্দাদের ঈশ্বরমুখী করে তাঁদের শোক ভোলাতে চেয়েছিলেন বর্ধমানের মহারানিমা। সেই ভাবনা থেকেই নবাবহাটে এই একশো আট শিব মন্দির গড়েন তিনি। মহাআড়ম্বরে সেই মন্দির প্রতিষ্ঠা করা হয়।
আরও পড়ুনঃ সাদা-কালো শিবলিঙ্গ, রাজ্যের বিভিন্ন প্রান্তের ভক্তদের ভিড় কালনার ১০৮ শিব মন্দিরে
মন্দিরগুলির গঠন একই রকমের। ওড়িশার বালেশ্বরের মন্দিরের আটচালার নকশার আদলে নির্মিত হয় এই মন্দিরগুলি। তাদের অবস্থান যেমন পাশাপাশি, তেমনি প্রতিটি মন্দিরের সামনেই আছে খোলা টানা বারান্দা। প্রতিটি মন্দিরই একটি দরজার। সব মন্দিরেই রয়েছে কষ্টিপাথরের গৌরীপট্ট-সহ শিবলিঙ্গ। প্রতিষ্ঠার সময়ে সবগুলি মন্দিরের সামনেই একটি করে বেল গাছ রোপন করা হয়েছিল।
জপমালার আদলে ১০৮টি এবং অতিরিক্ত আর একটি, মোট ১০৯টি স্থাপত্যকে গেঁথে প্রতিষ্ঠা করা হয় এই মন্দির। এই মন্দিরমালা বর্ধমানের এক অনন্য শিল্পকীর্তি। এই ১০৯ মন্দিরটি প্রতিষ্ঠার সময় সেখানে লক্ষ সাধুর উপস্থিতি ঘটেছিল। তাঁদের পদধূলি রাজপরিবার একটি সোনার কলসিতে সংরক্ষণ করে রেখেছিল। এরপর দিন যত গিয়েছে এই মন্দিরে ততই বেড়েছে ভক্তদের ভিড়।
Kolkata,West Bengal
February 27, 2025 11:16 AM IST
Maha Shivratri 2025: সাদা-কালো শিবলিঙ্গ, রাজ্যের বিভিন্ন প্রান্তের ভক্তদের ভিড় কালনার ১০৮ শিব মন্দিরে