দুনিয়ার সবচেয়ে পরিচিত কাল্পনিক গুপ্তচরদের একজন জেমস বন্ড। হাতে অত্যাধুনিক অস্ত্র, চোখে কালো সানগ্লাস, পরনে নিখুঁত স্যুট, সঙ্গে দ্রুতগতির গাড়ি আর সুন্দরী সঙ্গিনী—এই পরিচিত অনুষঙ্গগুলো নিয়েই ছয় দশকের বেশি সময় ধরে দর্শককে মুগ্ধ করে চলেছে ০০৭। কখনো শীতল মাথার পেশাদার গুপ্তচর, কখনো রসিক ও রোমান্টিক নায়ক, আবার কখনো ব্যক্তিগত ক্ষত আর প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা এক মানুষ—বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে পর্দায় হাজির হয়েছেন জেমস বন্ড।
১৯৬২ সালে ‘ড. নো’ দিয়ে যে যাত্রা শুরু, তা এখন ২৫টি সিনেমার এক বিশাল চলচ্চিত্র-সাম্রাজ্য। শন কনারি, জর্জ ল্যাজেনবি, রজার মুর, টিমোথি ডালটন, পিয়ার্স ব্রসনান ও ড্যানিয়েল ক্রেগ—ছয় অভিনেতা নিজেদের মতো করে চরিত্রটিকে নতুন করে নির্মাণ করেছেন। ফলে বন্ডভক্তদের মধ্যে দীর্ঘদিনের বিতর্ক, কে সেরা বন্ড? আর কোন সিনেমাটি এই সিরিজের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়?
সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট সিরিজের ২৫টি সিনেমাকে সবচেয়ে খারাপ থেকে সেরা পর্যন্ত সাজিয়েছে। প্রতিবেদক অ্যাডাম হোয়াইট ও আলেকজান্দ্রা পোলার্ডের এই তালিকায় রয়েছে বেশ কিছু চমক। দর্শকপ্রিয় কয়েকটি সিনেমা জায়গা পেয়েছে নিচের দিকে, আবার তুলনামূলক কম আলোচিত কিছু ছবি উঠে এসেছে শীর্ষ পাঁচে। তালিকাটি তৈরি করতে তাঁরা গল্প, অভিনয়, পরিচালনা, অ্যাকশন, খলনায়ক ও সিনেমার সামগ্রিক আবেদন বিবেচনায় নিয়েছেন।
বন্ডের সিনেমায় বদলেছে সময়, বদলেছে নায়ক
বন্ড সিরিজের অন্যতম বৈশিষ্ট্য হলো, সময়ের সঙ্গে নিজেকে বদলে নেওয়ার ক্ষমতা। ষাটের দশকে স্নায়ুযুদ্ধের আবহে বন্ড ছিলেন পরিপাটি, আত্মবিশ্বাসী ও প্রায় অজেয় এক গুপ্তচর। রজার মুরের সময় চরিত্রটিতে যোগ হয় হাস্যরস, রোমাঞ্চ ও কিছুটা অতিরঞ্জিত কৌতুক। টিমোথি ডালটন বন্ডকে ফিরিয়ে আনেন অপেক্ষাকৃত গম্ভীর ও কঠোর রূপে। পিয়ার্স ব্রসনানের সময় সিরিজে ফিরে আসে প্রযুক্তিনির্ভর ঝলমলে অ্যাকশন। আর ড্যানিয়েল ক্রেগের বন্ড হয়ে ওঠেন অনেক বেশি মানবিক—যাঁর রয়েছে প্রেম, শোক, রাগ, দুর্বলতা ও ব্যক্তিগত দ্বন্দ্ব।
দ্য ইনডিপেনডেন্টের পর্যবেক্ষণ, নতুন অভিনেতা দায়িত্ব নেওয়ার পর সাধারণত সিরিজটি নতুন উদ্যম পায়। কিন্তু সময়ের সঙ্গে সেই নতুনত্বই কখনো কখনো আত্ম-অনুকরণে পরিণত হয়। অতিরিক্ত বাজেট, বড়সড় অ্যাকশন আর বাড়াবাড়ি রকমের কৌতুক অনেক সময় সিনেমার মূল আকর্ষণকে দুর্বল করে দেয়।
চলুন, দেখে নেওয়া যাক পত্রিকাটির তালিকায় কোন সিনেমা কোথায় জায়গা পেয়েছে।

