মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আসন্ন বাংলাদেশ সফর উপলক্ষে তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সরকার। আগামী ৭ ও ৮ ডিসেম্বর ২০২৬ তার বাংলাদেশ সফরকালীন এ মর্যাদা কার্যকর থাকবে।
রোববার(২২ নভেম্বর) প্রকাশিত বাংলাদেশ গেজেটের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১-এর ধারা ২(ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অনারেবল দাতো সেরি আনোয়ার ইব্রাহিমকে ৭ ও ৮ ডিসেম্বর ২০২৬ বাংলাদেশ সফরকালে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে।
এদিকে উচ্চপর্যায়ের সফর ও কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে মালয়েশিয়া ও মালদ্বীপের সঙ্গে দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও জোরদার করতে চায় বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় বিজয়ের মাস ডিসেম্বরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুকে ঢাকায় স্বাগত জানানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণের পর গত জুনে নিজের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি ওই সফর করেন।
এ ছাড়া ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।



