ব্যবহারে আগ্রহী নন কসাইরা
শেরপুর শহরের প্রচলিত মাংসের বাজারগুলো থেকে কসাইখানাটি বেশ দূরে হওয়ায় সেখানে যাওয়ার আগ্রহ দেখান না কসাইরা। দমদমা-কালীগঞ্জ থেকে শহরের নয়ানী বাজারের দূরত্ব প্রায় তিন কিলোমিটার, হাজির মোড় চার কিলোমিটার, খোয়ারপাড় এক কিলোমিটার, আখের মাহমুদ বাজার দেড় কিলোমিটার, সেরিব্রিজপাড় সাড়ে চার কিলোমিটার এবং কানাসাখোলা প্রায় পাঁচ কিলোমিটার।
কসাইদের ভাষ্য, খুব ভোরে পশু জবাই করতে হয়। কসাইখানায় পশু নিয়ে যাওয়া, জবাই শেষে মাংস আবার বাজারে নিয়ে আসা—সব মিলিয়ে বাড়তি পরিবহন ও শ্রমিক খরচ হবে।
শহরের চাপাতলী এলাকার মাংস ব্যবসায়ী সুরুজ আলী বলেন, ‘কসাইখানাটা শহর থেইকা অনেক দূরে। গরু নিয়া ওইহানে যাইতে গাড়ি লাগবো, আবার জবাই করার পর মাংস বাজারে আনতে হইবো। দুইবার গাড়িভাড়া দিলে আমাগো খরচ তো বাড়বই। এই খরচ দিয়া ব্যবসা করা কঠিন হইয়া যাইবো।’
নয়ানী বাজারের মাংস ব্যবসায়ী তাজুল ইসলাম বলেন, ‘কসাইখানা বানানোর আগে আমাগো লগে যদি একবার কথা কইতো, তাইলে আমরা কইতাম কী সমস্যা হইতে পারে। জায়গাটা কইরা দিলেই তো হইবো না, আমাগো ব্যবসাটাও তো চালাইতে হইবো। এখন এত টাকা খরচ কইরা বানাইছে, কিন্তু কেউ ব্যবহারই করতেছে না। তাইলে লাভ কী হইল?’


