
ছবি: এআই
বাঙালি নারীদের সাজসজ্জার একটি বড় অংশ হলো স্বর্ণের গহনা। বিয়ে, কোনো অনুষ্ঠান, ঈদ কিংবা পূজোয় নারীদের সাজে গহনার প্রাধান্য থাকে অনেক বেশি। তবে দিন দিন স্বর্ণের আকাশছোঁয়া দামের কারণে অনেকেই কেনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
তারপরও বাঙালিদের কাছে বিয়ে মানেই স্বর্ণ। ছেলের বিয়ে বা মেয়ের বিয়েতে স্বর্ণ না দিলে হয়? এমন কথাও গ্রাম-বাংলায় প্রচলিত আছে। সবকিছু ছাড়িয়ে স্বর্ণ লাগবেই। আবার যারা দামের কারণে কিনতে পারছেন না, তারা অপেক্ষায় থাকেন কখন দাম কমবে, কখন কিনতে পারবেন কাঙ্ক্ষিত সেই গহনা। তবে স্বর্ণের দাম কমলেই ক্রেতাদের মনে নতুন করে প্রশ্ন জাগে, এখনই কিনব, নাকি আরও কিছুদিন অপেক্ষা করব?
দেশের বাজারে গত কয়েক দফায় কমেছে স্বর্ণের দাম। সর্বশেষ শনিবার (২২ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নির্ধারিত দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। প্রায় ১৩ মাস পর দুই লাখ টাকার নিচে নেমেছে মূল্যবান এই ধাতুর দাম। গত ৯ দফায় প্রতি ভরিতে দাম কমেছে ৩৪ হাজার ৬৯০ টাকা। যারা বিয়ের মৌসুম কিংবা পারিবারিক প্রয়োজনে গহনা কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য দামের এই পতন কিছুটা স্বস্তি নিয়ে এসেছে। তবে টানা কয়েক দফা দাম কমার পরও বাজারে অনিশ্চয়তা কাটেনি। ফলে কম দামে স্বর্ণ কেনার সুযোগ তৈরি হলেও এখনই কেনা কতটা লাভজনক, তা নিয়েও ভাবছেন অনেকেই।
কেন কমছে স্বর্ণের দাম?
বিশ্ববাজারে স্বর্ণের দরপতনের প্রভাব পড়ছে দেশের বাজারেও। আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা স্বর্ণের দামের ওপর চাপ তৈরি করেছে। শুক্রবার ২০ নভেম্বর প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম একপর্যায়ে প্রতি আউন্স ৩ হাজার ৫০২ ডলারে নেমে আসে, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। ওই সপ্তাহে স্বর্ণের দাম কমে প্রায় ৯ দশমিক ৪ শতাংশ। আট মাসের মধ্যে এটিই ছিল সবচেয়ে বড় দরপতন।
প্রতিবেদনে বাজার বিশ্লেষকদের বরাত দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার সম্ভাবনা এবং ডলারের শক্তিশালী অবস্থান স্বর্ণের দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তবে নিকট ভবিষ্যতে আরও দরপতন হতে পারে, আবার বাজারে শিগগিরই সর্বনিম্ন মূল্যস্তর তৈরি হওয়ার সম্ভাবনাও দেখছেন কোনো কোনো বিশ্লেষক।
এখন স্বর্ণ কেনা কি ভালো সিদ্ধান্ত?
বাজারের বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে তা দেখে মনে হচ্ছে যাদের বিয়ে, পারিবারিক অনুষ্ঠান বা ব্যক্তিগত ব্যবহারের জন্য স্বর্ণ কেনা জরুরি, তাদের জন্য দাম কমার এই সুযোগটি লাভজনক হতে পারে। কারণ, আগের তুলনায় কম দামে গহনা কিনতে পারবেন। তবে অনেকেই ভাবতে পারেন আরও দাম কমলে কিনবেন,সেক্ষেত্রে আপনার ভাবনা ভুলও হতে পারে।
অন্যদিকে,অনেকে আবার বিনিয়োগের উদ্দেশ্যে স্বর্ণ কিনতে চান, তাদের জন্য একবারে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ না করে ধাপে ধাপে কিনতে পারেন। এতে বাজারে আরও দরপতন হলে পরবর্তী সময়ে তুলনামূলক কম দামে কেনার সুযোগ থাকবে।
বিশ্ব গোল্ড কাউন্সিলের বিশ্লেষণেও বলা হয়েছে, সুদের হার, মার্কিন ডলারের গতিপ্রকৃতি, ভূরাজনৈতিক পরিস্থিতি ও বিনিয়োগকারীদের মনোভাবের ওপর স্বর্ণের দাম অনেকটাই নির্ভর করে। ফলে স্বর্ণের দাম সব সময় বাড়বে, এমন নিশ্চয়তা নেই। অন্য বিনিয়োগের মতো স্বর্ণের বাজারেও দরপতনের ঝুঁকি রয়েছে।
গহনা কিনলে যেসব বিষয় খেয়াল রাখা জরুরি
শুধু স্বর্ণের দাম দেখেই কেনা ঠিক নয়। কারণ, গহনা কিনতে দামের পাশাপাশি মজুরি, ভ্যাটসহ অন্যান্য খরচও দিতে হয়। আবার বিক্রির সময় এসব খরচের পুরো টাকা ফেরত পাওয়া যায় না। তাই বিনিয়োগের জন্য গহনা কেনার আগে এসব বিষয় মাথায় রাখা জরুরি। কেনার আগে বাজুসের সর্বশেষ নির্ধারিত দাম যাচাই, হলমার্ক ও ক্যারেট নিশ্চিত করা এবং দোকান থেকে বিস্তারিত মূল্য উল্লেখ করা রসিদ নেওয়া জরুরি। পাশাপাশি পুরোনো স্বর্ণ বিক্রির ক্ষেত্রে দোকানের ক্রয়নীতির পাশাপাশি কী পরিমাণ অর্থ কেটে রাখা হবে, তাও জেনে নেওয়া উচিত।
সব মিলিয়ে, যাদের এখনই স্বর্ণ প্রয়োজন, তাদের জন্য বর্তমান দরপতনে কেনার একটি সুযোগ তৈরি হয়েছে। যারা দাম আরও কমার আশায় আছেন, তাদের পরে পস্তাতে না হয়, সে বিষয়টিও ভাবতে হবে। কারণ, স্বর্ণের বাজারে দরপতন যেমন সম্ভব, তেমনি পরিস্থিতি বদলে গেলে দাম আবার বাড়তেও পারে। তাই কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে প্রয়োজন, বাজেট ও কেনার উদ্দেশ্য বিবেচনা করাই হবে বুদ্ধিমানের কাজ।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

