যুদ্ধের আগুনে পুড়ছে ইরান, এবার ঘরে ঘরে বিদ্যুতের সংকট | চ্যানেল আই অনলাইন

যুদ্ধের আগুনে পুড়ছে ইরান, এবার ঘরে ঘরে বিদ্যুতের সংকট | চ্যানেল আই অনলাইন

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরানে বিদ্যুৎ সংকট তীব্র আকার ধারণ করেছে। শীত মৌসুম শুরুর আগেই বিদ্যুতের চাহিদা ও সরবরাহের ভারসাম্য সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটি।

ইরানের জাতীয় বিদ্যুৎ কোম্পানির প্রধান মোহাম্মদ আল্লাহদাদ জানিয়েছেন, রোববার (২২ নভেম্বর) থেকে বিদ্যুৎ সরবরাহে বিধিনিষেধ কার্যকর হবে। এ ব্যবস্থায় কোনো কোনো এলাকায় প্রতি দুই দিনে একবার প্রায় দুই ঘণ্টা বিদ্যুৎ বন্ধ রাখা হবে। আবার কিছু এলাকায় প্রতিদিন সর্বোচ্চ দুই ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হতে পারে।

দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের জ্বালানি অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার কারণে শীত মৌসুম শুরু হওয়ার আগেই বিদ্যমান জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে।

তিনি জানান, দেশের গ্যাস অবকাঠামোতে হামলার ফলে পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। আসন্ন শীতকালে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে ইরানকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে বলেও সতর্ক করেছেন।

বিশ্বের অন্যতম বৃহৎ তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে ইরানে। তবে বিপুল জ্বালানি সম্পদ থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে দেশটি।

এর পেছনে অন্যতম কারণ দেশটির পুরোনো ও দুর্বল বিদ্যুৎ সরবরাহব্যবস্থা। বছরের পর বছর পর্যাপ্ত বিনিয়োগ না হওয়ায় বিদ্যুৎ অবকাঠামোর আধুনিকায়ন বাধাগ্রস্ত হয়েছে। পাশাপাশি কয়েক দশক ধরে পশ্চিমা দেশগুলোর আরোপ করা নিষেধাজ্ঞার কারণে জ্বালানি খাতের উন্নয়নেও নানা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।

এর মধ্যে চলমান যুদ্ধে বিদ্যুৎ ও গ্যাস অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় সংকট আরও জটিল হয়ে উঠেছে। ফলে শীতকালে  ঘর গরম রাখা, রান্না ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে সাধারণ মানুষকে বাড়তি ভোগান্তিতে পড়তে হতে পারে।

Scroll to Top