ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
ইউরোপের প্রাণকেন্দ্রে অবস্থিত ছোট্ট একটি স্থলবেষ্টিত দেশ সুইজারল্যান্ড। চারদিকে আল্পস পর্বতমালা, নেই সমুদ্রবন্দর, নেই তেল-গ্যাস কিংবা বিপুল খনিজ সম্পদের ভাণ্ডার। অথচ এই দেশই আজ বিশ্বের অন্যতম সমৃদ্ধ অর্থনীতি। মাথাপিছু আয়ের দিক থেকেও বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি।
কিন্তু মাত্র দেড়শ বছর আগেও চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। দারিদ্র্য, দুর্ভিক্ষ আর কাজের অভাবে হাজার হাজার মানুষ দেশটি ছেড়ে চলে গিয়েছিলেন। প্রশ্ন হলো, সীমিত প্রাকৃতিক সম্পদ নিয়েও কীভাবে বদলে গেল সুইজারল্যান্ডের ভাগ্য?
এর উত্তর লুকিয়ে আছে দেশটির মানুষের দক্ষতা, বিজ্ঞানচর্চা, উদ্ভাবন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনায়। প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতা থাকলেও কারিগরি দক্ষতা ও বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনই সুইজারল্যান্ডের জন্য আশীর্বাদ হয়ে উঠেছিল।
শুরুটা হয়েছিল পশুপালন ও দুগ্ধশিল্প দিয়ে। পাহাড়ি এলাকায় কৃষিকাজের সুযোগ কম থাকায় সুইসরা গবাদিপশু পালন এবং দুধ থেকে পনির তৈরিতে মনোযোগ দেয়। ১৮৬৭ সালে হেনরি নেসলে দুগ্ধজাত শিশুখাদ্য উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এরপর ১৮৭৫ সালে ড্যানিয়েল পিটার তৈরি করেন মিল্ক চকলেট। এভাবেই আমদানি করা কোকো ব্যবহার করে সুইজারল্যান্ড গড়ে তোলে বিশ্বখ্যাত চকলেটশিল্প।
এরপর আসে ঘড়িশিল্পের বিপ্লব। ১৬৮৫ সালে ফ্রান্সের রাজা চতুর্দশ লুই নঁতের ফরমান বাতিল করলে প্রোটেস্ট্যান্ট ধর্মাবলম্বী হিউগেনটদের ওপর ধর্মীয় নিপীড়ন বেড়ে যায়। প্রাণ বাঁচাতে হাজার হাজার হিউগেনট ফ্রান্স ছেড়ে সুইজারল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নেন। তাঁদের অনেকেই সঙ্গে নিয়ে আসেন ঘড়ি তৈরির উন্নত কারিগরি দক্ষতা। সুইসরা সেই দক্ষতাকে কাজে লাগিয়ে গড়ে তোলে বিশ্বখ্যাত ঘড়িশিল্প। ছোট ছোট কর্মশালা থেকে ধীরে ধীরে জন্ম নেয় রোলেক্স, ওমেগা ও প্যাটেক ফিলিপের মতো ব্র্যান্ড।
শুধু ঘড়ি কিংবা চকলেট নয়, ১৮৫৯ সালে বাসেল শহরে কৃত্রিম রঙের শিল্পের বিকাশ শুরু হয়। রাসায়নিক গবেষণার সেই অভিজ্ঞতাই পরবর্তী সময়ে ওষুধশিল্পের ভিত্তি তৈরি করে। বিংশ শতাব্দীতে নোভারটিস ও রশের মতো প্রতিষ্ঠান সুইজারল্যান্ডকে পরিণত করে বিশ্বের অন্যতম ফার্মাসিউটিক্যাল কেন্দ্রে।
শিল্পকারখানা পরিচালনায় বিদ্যুতের প্রয়োজন মেটাতে ১৮৮৩ থেকে ১৯০০ সালের মধ্যে গড়ে তোলা হয় শতাধিক জলবিদ্যুৎকেন্দ্র। ১৮৮২ সালে চালু হয় প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ সেন্ট গথার্ড রেল টানেল। দুর্গম পাহাড় পেরিয়ে ইউরোপের বাণিজ্য ও যোগাযোগে তৈরি হয় নতুন সম্ভাবনা।
১৯৩৪ সালে ব্যাংকিং গোপনীয়তা নিয়ে বিশেষ আইন প্রণয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা, উন্নত শিক্ষা, গবেষণা এবং পর্যটন খাতও সুইস অর্থনীতিকে শক্তিশালী করতে ভূমিকা রাখে।
সুইজারল্যান্ডের এই গল্প আমাদের বাংলাদেশীদের জন্য অনুপ্রেরণা হতে পারে। আমাদের রয়েছে বিপুল তরুণ জনগোষ্ঠী, উর্বর কৃষিজমি, নদী, সমুদ্রবন্দর এবং সম্ভাবনাময় বাজার। কিন্তু এসব সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজন দক্ষ মানবসম্পদ, কারিগরি শিক্ষার প্রসার, বিজ্ঞান ও প্রযুক্তিতে বিনিয়োগ, গবেষণা এবং কৃষি ও শিল্পপণ্যে মূল্য সংযোজন।
সুইজারল্যান্ডের উত্থান দেখিয়েছে, প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতা থাকলেও মানুষের দক্ষতা, বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী শক্তি একটি দেশের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠতে পারে।
বাংলাদেশেরও সেই সম্ভাবনা রয়েছে। প্রয়োজন সঠিক পরিকল্পনা, মানসম্মত শিক্ষা এবং মানুষের দক্ষতা ও বিজ্ঞানভিত্তিক গবেষণায় বিনিয়োগ। কারণ একটি দেশের সবচেয়ে বড় সম্পদ আসলে তার মানুষ। আর সেই মানুষকে দক্ষ করে তুলতে পারলেই বদলে যেতে পারে একটি দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…


