
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, আবাসন সংকট, বেকারত্ব, শিক্ষার ব্যয় এবং সামরিক খাতে সরকারের অতিরিক্ত বরাদ্দ এমন নানা ইস্যুতে ক্ষোভে ফুঁসছে ইউরোপের তরুণ প্রজন্ম। এসব সমস্যার প্রতিবাদে ইউরোপের ২৫টির বেশি দেশে রাজপথে নেমেছেন জেন-জি বা তরুণ প্রজন্মের হাজারো মানুষ। তাদের সঙ্গে যোগ দিয়েছেন শ্রমিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরাও।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২০ নভেম্বর) যুক্তরাজ্য, ফ্রান্স, ইটালি, স্পেন, জার্মানি, অস্ট্রিয়া ও সুইডেনসহ ইউরোপের বিভিন্ন দেশে একযোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে রাজপথে নামেন। তাদের দাবির মধ্যে রয়েছে শিক্ষা ও জনসেবা খাতে বিনিয়োগ বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ এবং সামরিক খাতে অতিরিক্ত ব্যয় কমানো। তবে প্রশ্ন উঠেছে, ইউরোপের বিভিন্ন দেশের তরুণেরা কেন একযোগে বিক্ষোভে নামছেন?
জীবনযাত্রার ব্যয় ও আবাসন সংকট
তরুণদের ক্ষোভের অন্যতম প্রধান কারণ জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়। খাদ্য, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও সেই তুলনায় আয় বাড়ছে না। বিশেষ করে স্পেন ও পর্তুগালের মতো দেশে বাড়িভাড়া ও আবাসন ব্যয় তরুণদের জন্য বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। কাজ করেও সাশ্রয়ী আবাসন পাওয়া কঠিন হয়ে পড়ছে তাদের জন্য।
শিক্ষা ও কর্মসংস্থানে অনিশ্চয়তা
শিক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় অনেক দেশে শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা কমছে। কোথাও বাড়ছে বিশ্ববিদ্যালয়ের ফি, কোথাও দেখা দিচ্ছে শিক্ষক সংকট। পাশাপাশি উচ্চশিক্ষা শেষ করেও উপযুক্ত কর্মসংস্থান না পাওয়ার আশঙ্কা তরুণদের হতাশা বাড়াচ্ছে।
জনকল্যাণ বাদ দিয়ে সামরিক ব্যয় বৃদ্ধি
বিক্ষোভের আরেকটি বড় কারণ সামরিক খাতে সরকারের ক্রমবর্ধমান ব্যয়। ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইউরোপের দেশগুলো প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে। তরুণদের অভিযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তায় বিনিয়োগ বাড়ানোর পরিবর্তে সরকারগুলো অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনায় বেশি গুরুত্ব দিচ্ছে।
জলবায়ু সংকট ও রাজনৈতিক অসন্তোষ
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের কার্যকর উদ্যোগের অভাব নিয়েও ক্ষুব্ধ তরুণেরা। পাশাপাশি গাজায় ইসরায়েলের যুদ্ধের বিষয়ে ইউরোপীয় নেতাদের অবস্থান নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন অনেকে। অনিয়ন্ত্রিত কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার এবং ভবিষ্যতে কর্মসংস্থানের ওপর এর প্রভাব নিয়েও উদ্বেগ রয়েছে তাদের।
ইটালির বৃহত্তম শ্রমিক সংগঠন সিজিআইএল জানিয়েছে, দেশটির শতাধিক শহরে বিক্ষোভ হয়েছে। যুক্তরাজ্যে ৩৫০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। জার্মানিসহ অন্যান্য দেশেও একই দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই আন্দোলন কেবল কোনো একটি নীতি বা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ নয়; বরং অর্থনৈতিক নিরাপত্তা, সামাজিক অধিকার ও ভবিষ্যৎ নিয়ে তরুণ প্রজন্মের গভীর অনিশ্চয়তার বহিঃপ্রকাশ। আগের প্রজন্মের মতো অর্থনৈতিক নিরাপত্তা ও জীবনযাত্রার সুযোগ তারা পাবেন কি না, সেই শঙ্কাই ইউরোপজুড়ে জেন-জির অসন্তোষকে আরও জোরালো করছে।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…


