আগামী ৩০ নভেম্বরের পর কলকাতা ও শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলোতে আবেদন না করার জন্য ভিসাপ্রার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
গত ১৭ নভেম্বর কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ সরকারের সঙ্গে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের ভিসা আউটসোর্সিং সার্ভিস-সংক্রান্ত চুক্তির মেয়াদ শেষ হবে। বাংলাদেশ সরকার এ চুক্তি আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে।
এ পরিপ্রেক্ষিতে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের পরিচালনায় কলকাতা ও শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলো ৩০ নভেম্বরের পর থেকে তাদের নির্ধারিত ঠিকানায় আর কার্যক্রম পরিচালনা করবে না।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে এবং সব ধরনের ভিসা আবেদনপ্রার্থীকে ৩০ নভেম্বরের পর ডিইউ ডিজিটাল পরিচালিত বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলোতে আবেদন জমা না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭
নতুন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ঠিকানা ও প্রতিষ্ঠানের নাম শিগগিরই পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।




