
ছবি: সংগৃহীত
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সমাজভাবনা ও রাষ্ট্রচিন্তা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বাংলা একাডেমির কবি আল মাহমুদ লেখক কর্নারে বাংলাদেশ জাগরণী শান্তিসঙ্ঘ আয়োজিত এ সভায় দেশের সমাজ ও রাষ্ট্রচিন্তার বিকাশে তার মানবিক দর্শন ও স্বদেশচিন্তা এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন আলোচকেরা।
বাংলাদেশ জাগরণী শান্তিসঙ্ঘের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মুহাম্মদ আজাদ খান।
আলোচনায় অংশ নেন অধ্যাপক মোরশেদ শফিউল হাসান, বিশিষ্ট কলামিস্ট সোহরাব হাসান, বাংলাদেশ রাষ্ট্রসংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম, লালমাটিয়া কলেজের সহকারী অধ্যাপক সৈয়দা নাজনীন আখতার এবং দেশ দর্শন পত্রিকার সম্পাদক জাকির মাহদীন।
আলোচনায় অধ্যাপক মোরশেদ শফিউল হাসান বলেন, আবুল কাসেম ফজলুল হকের চিন্তার বিবর্তন ছিল সুসংহত। তার চিন্তার কেন্দ্রে ছিল মানুষের মুক্তি ও স্বদেশভাবনা।
সোহরাব হাসান বলেন, নানা মত ও পথের মধ্যেও আবুল কাসেম ফজলুল হকের চিন্তা ও কর্মে স্বাতন্ত্র্য ছিল। তিনি একই সঙ্গে জাতীয়তাবাদী, আন্তর্জাতিকতাবাদী ও মানবতাবাদী ছিলেন। তার সমাজভাবনা ও রাষ্ট্রচিন্তাকে ধারণ করে বাংলাদেশ এগিয়ে যেতে পারে।
হাসনাত কাইয়ুম আবুল কাসেম ফজলুল হকের সমাজভাবনাকে সমন্বয়বাদী এবং ঐক্যের আহ্বান হিসেবে উল্লেখ করেন। পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তার সঙ্গে তার চিন্তার পার্থক্য থাকলেও এর মধ্যে গভীর সাযুজ্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সৈয়দা নাজনীন আখতার প্রবন্ধে তুলে ধরা বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে বাংলাদেশের সমাজজীবন নিয়ে গভীর অনুসন্ধানের ক্ষেত্রে সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। জাকির মাহদীন আবুল কাসেম ফজলুল হকের সৃষ্টিকর্ম ও রাজনৈতিক চিন্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেন।
সভাপতির সমাপনী বক্তব্যে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মানবিক চিন্তা, স্বদেশভাবনা এবং বাঙালির নিজস্ব রাষ্ট্রচিন্তাকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কাজটি কঠিন হলেও সবাইকে এ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
সভায় ‘বাঙালির মুক্তি চাই, মনুষ্যত্বের বিকাশ চাই, নতুন সভ্যতা চাই’—এই চেতনাকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে করণীয় বিষয়ে দুটি প্রস্তাবও উত্থাপন করা হয়।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

