
ছবি: সংগৃহীত
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২০ নভেম্বর) বেলা পৌনে তিনটার দিকে চৌমুহনী কাছারি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা পৌনে তিনটার দিকে যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতা-কর্মী প্ল্যাকার্ড হাতে চৌমুহনী পূর্ব বাজারের কাছারি বাড়ি মসজিদের সামনে জড়ো হন। পরে সেখান থেকে তারা মিছিল বের করেন। মিছিলটি চৌমুহনী বাজারের বড় পোল হয়ে নাপিতের পোল এলাকা প্রদক্ষিণ করে।
মিছিল চলাকালে নাপিতের পোল এলাকায় গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনের দরজায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন নেতা-কর্মীরা। এ সময় কার্যালয়ের দুটি জানালার কাচও ভাঙচুর করা হয়। সেখানে প্রায় পাঁচ মিনিট অবস্থানের পর তারা চলে যান। পরে ব্যাংকের ভেতরে থাকা কর্মচারীরা বের হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, বেলা পৌনে তিনটার দিকে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা–ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়। ভাঙচুরে কার্যালয়ের দুটি জানালা ক্ষতিগ্রস্ত হয় এবং একটি দরজা ও ফটক ক্ষতিগ্রস্ত হয়।
ওসি শামসুজ্জামান আরও বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে থানা–পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তবে পুলিশ গিয়ে সেখানে নিষিদ্ধ সংগঠনের কাউকে পায়নি। মিছিলের ভিডিও ও ছবি সংগ্রহ করা হয়েছে। তাঁদের আইনের আওতায় আনার জন্য ইতিমধ্যে অভিযান শুরু করেছে পুলিশ। ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

