
পর্তুগালের রাজধানী লিসবনে প্রবাসীদের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য ও সাংস্কৃতিক সম্প্রীতির এক নতুন দৃষ্টান্ত স্থাপিত হতে যাচ্ছে। প্রথমবারের মতো পর্তুগালে বাংলাদেশি ও নেপালি কমিউনিটির দুটি সংগঠন যৌথভাবে একটি বৃহৎ আন্তর্জাতিক সাংস্কৃতিক আয়োজন করতে যাচ্ছে।
আগামী ৮ জানুয়ারি (২০২৭) লিসবনের ঐতিহ্যবাহী ‘সাগ্রেস ক্যাম্পো পিকেনো’ হলে ভারতের জনপ্রিয় ও নন্দিত সংগীতশিল্পী কৈলাস খেরের একক সংগীতানুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে নেপালি কমিউনিটি অব পর্তুগাল। এই মেগা আয়োজনে সহযোগী হিসেবে যুক্ত হয়েছে পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘কাজা দো বাংলাদেশ’।
এই ব্যতিক্রমী সাংস্কৃতিক উদ্যোগের বিস্তারিত তুলে ধরতে কাজা দো বাংলাদেশের উদ্যোগে লিসবনের বেনফরমোসো রোডস্থ উজানভাটি রেস্তোরাঁর হলরুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এটি কেবল একটি সাধারণ সংগীতানুষ্ঠান নয়, বরং প্রবাসের মাটিতে বসবাসরত বাংলাদেশি ও নেপালি কমিউনিটির মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষ হয়েও প্রবাসে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার মধ্য দিয়ে সম্প্রীতি ও ঐক্যের এক নতুন বার্তা ছড়িয়ে দিতে চান তারা।
সংবাদ সম্মেলনে কাজা দো বাংলাদেশের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাসুম আহমেদ, ইকবাল হোসাইন কাঞ্চন, শাহীন আহমেদ, ফারুক শিকদার, জুয়েল আহমেদ, শামীম আহমেদ, বাবু শিকদার ও রাবেল আহমেদ। নেপালি কমিউনিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুনিল পেরিয়ার সহ অন্যান্য প্রতিনিধিরা।
আয়োজকদের প্রত্যাশা, কৈলাস খেরের এই জমকালো সংগীতসন্ধ্যা পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, নেপালি এবং অন্যান্য দেশের সংগীতপ্রেমীদের জন্য এক স্মরণীয় সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হবে। প্রবাসের মাটিতে বিভাজন নয়, বরং পারস্পরিক সহযোগিতা ও সাংস্কৃতিক ঐক্যের বন্ধনই হোক আগামীর পথচলা- এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…


