পাসপোর্ট-এনআইডি পেতে শেখ হাসিনার সই জালের অভিযোগ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুরোধ জানিয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি পাঠিয়েছে লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’।

হাসিনা

তবে নয়াদিল্লির ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে পাঠানো ওই চিঠিতে শেখ হাসিনার স্বাক্ষর জাল করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খান এই দাবি করেন। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার আগের পাসপোর্টে থাকা স্বাক্ষরের সঙ্গে ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো চিঠির স্বাক্ষরের কোনো মিল নেই। তাঁর মতে, এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে লন্ডনভিত্তিক ওই আইনি প্রতিষ্ঠানটির মাধ্যমে চিঠিতে স্বাক্ষর জাল করা হয়েছে।

ফেসবুক পোস্টে রাশেদ খান আরও দাবি করেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাও সরাসরি সাক্ষাৎ করতে পারছেন না এবং আজ অবধি কেউ তাঁর সঙ্গে সাক্ষাতের কোনো ছবিও প্রকাশ করতে পারেননি। এই পরিস্থিতির উল্লেখ করে তিনি মন্তব্য করেন, শেখ হাসিনা ভারতে একপ্রকার ‘গৃহবন্দী’ অবস্থায় রয়েছেন।

রাশেদ খানের ভাষ্যমতে, শেখ হাসিনা যদি স্বাভাবিক অবস্থায় থাকতেন, তবে তিনি নিজে হাইকমিশনে উপস্থিত হয়েই এনআইডি ও পাসপোর্টের জন্য আবেদন করতে পারতেন। কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দী বিনিময় চুক্তি বিদ্যমান থাকায় কূটনৈতিক রীতিনীতি অনুযায়ী ভারত সরকার তাঁকে সেই সুযোগ দিতে পারে না।

আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭

পোস্টের শেষাংশে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী উল্লেখ করেন, ভারতে গৃহবন্দী অবস্থায় থাকা শেখ হাসিনার বাংলাদেশে ফেরার একমাত্র পথ হলো বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে প্রত্যাবর্তন। মূলত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার কৌশল হিসেবেই পাসপোর্ট ও এনআইডির আবেদনের মাধ্যমে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ করছে বলে মন্তব্য করেন রাশেদ খান।

Scroll to Top