ব্যক্তিগত অনুসন্ধানের জন্য গুগল সার্চে যুক্ত হলো নতুন সুবিধা

গুগল সার্চের এআই মোডে ইনকগনিটো মোডের মতো অস্থায়ী কথোপকথনের সুবিধা চালু করছে গুগল। এর মাধ্যমে ব্যবহারকারীরা এআইয়ের সঙ্গে এমন বিষয়ে কথা বলতে পারবেন, যা পরবর্তী সময়ে সার্চ হিস্ট্রি বা ব্যক্তিগত সুপারিশে যুক্ত হবে না। সুবিধাটি ব্যবহারের জন্য আলাদা করে সেটিংস পরিবর্তনেরও প্রয়োজন হবে না।

গুগল

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সুবিধাটির নাম ‘টেম্পোরারি থ্রেডস’। এআই মোডের ওপরের ডান পাশে থাকা নির্দিষ্ট আইকনে ক্লিক করলেই অস্থায়ী কথোপকথন শুরু করা যাবে। এটি গুগলের স্বতন্ত্র এআই চ্যাটবট জেমিনির অস্থায়ী কথোপকথনের সুবিধার মতো কাজ করবে।

গুগলের ভাষ্য অনুযায়ী, অস্থায়ী কথোপকথন শুরু হলে সেটি ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে বিচ্ছিন্ন থাকবে। ফলে এআইয়ের দেওয়া উত্তর আগের পছন্দ বা কথোপকথনের তথ্যের ভিত্তিতে তৈরি হবে না। একইভাবে এসব কথোপকথন ভবিষ্যতে ব্যবহারকারীর জন্য ব্যক্তিগত সুপারিশ তৈরিতেও প্রভাব ফেলবে না।

ব্যক্তিগত বা সাময়িক কোনো বিষয়ে এআই মোডে বিস্তারিত অনুসন্ধানের সময় সুবিধাটি কাজে আসবে। কোনো নির্দিষ্ট বিষয়ে দীর্ঘ কথোপকথন করলেও সেটি সার্চ হিস্ট্রিতে যুক্ত হবে না বা ব্যবহারকারীর আগ্রহ হিসেবে বিবেচিত হবে না।

আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭

অস্থায়ী কথোপকথন বন্ধ করলে ব্যবহারকারী আবার স্বাভাবিক সার্চ ব্যবহারে ফিরে যাবেন। গুগল জানিয়েছে, সমর্থিত সব ভাষায় ডেস্কটপ ও মোবাইল সংস্করণে বিশ্বব্যাপী সুবিধাটি চালু করা হচ্ছে।

Scroll to Top