বেসরকারি ক্ষেত্রেও একই প্রশ্ন প্রাসঙ্গিক। কোনো প্রতিষ্ঠানে যদি দক্ষতা ও কর্মফল নয়, বরং ঊর্ধ্বতন কর্মকর্তাকে খুশি রাখার ক্ষমতা পদোন্নতির প্রধান শর্ত হয়ে দাঁড়ায়, তাহলে সেখানে পেশাদারত্ব কত দিন টিকে থাকবে?
একজন কর্মী তাঁর কাজ ভালো জানেন, দায়িত্ব পালন করেন, প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা করেন, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করেন বলে যদি তিনি পদোন্নতি থেকে বঞ্চিত হন, তাহলে সেটি শুধু তাঁর ব্যক্তিগত বঞ্চনা নয়, প্রতিষ্ঠানেরও ব্যর্থতা।
তোষামোদকারী ঊর্ধ্বতনকে সাময়িকভাবে খুশি রাখতে পারেন, কিন্তু প্রতিষ্ঠানের প্রকৃত উন্নতি নিশ্চিত করতে পারেন না। কারণ, তিনি প্রতিষ্ঠানের চেয়ে নিজের অবস্থান ও সুবিধাকে বেশি গুরুত্ব দেন।
চূড়ান্ত প্রশ্ন: আমরা কোন বাংলাদেশ চাই?
একটি রাষ্ট্রের উন্নতি শুধু বড় বড় সেতু, রাস্তা, ভবন, শিল্পকারখানা কিংবা অর্থনৈতিক প্রবৃদ্ধি দিয়ে পরিমাপ করা যায় না। প্রকৃত উন্নয়ন নির্ভর করে রাষ্ট্রের প্রতিষ্ঠান কতটা ন্যায়নিষ্ঠ, প্রশাসন কতটা নিরপেক্ষ, নিয়োগব্যবস্থা কতটা স্বচ্ছ এবং সাধারণ মানুষ কতটা ন্যায়বিচার পায় তার ওপর।
যোগ্য মানুষকে যদি বারবার পেছনে ঠেলে দেওয়া হয়, আর তোষামোদকারী ও সুবিধাবাদীরা যদি সামনে এগিয়ে যায়, তাহলে একসময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো প্রকৃত দক্ষ মানুষের পরিবর্তে ব্যক্তিস্বার্থনির্ভর মানুষের হাতে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।
এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে প্রথমেই যোগ্যতার প্রকৃত মূল্যায়ন নিশ্চিত করতে হবে। চাকরির নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতা, রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন, দুর্নীতির কার্যকর বিচার, স্বাধীন প্রতিষ্ঠান এবং আইনের সমান প্রয়োগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজে সততা, আত্মমর্যাদা, যুক্তিবোধ এবং নৈতিক শিক্ষার চর্চা বাড়াতে হবে।

