চাঁদ আর জিরাফের এমন ছবি তুললেন আলোকচিত্রী, দেখে মনে হয় এআই

চাঁদ আর জিরাফের এমন ছবি তুললেন আলোকচিত্রী, দেখে মনে হয় এআই

মরুভূমির বালিয়াড়ি পেছনের আকাশে বিশাল গোলাপি চাঁদ। তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে লম্বা গলার এক জিরাফ। মনে হচ্ছে, কোনো সিনেমার দৃশ্য। ছবিটি এত অবিশ্বাস্য যে অনেকেই ভেবেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। অথচ ছবিটি একেবারেই বাস্তব। দক্ষিণ আফ্রিকার আলোকচিত্রী কাইল গোয়েটশের ক্যামেরায় ধরা পড়েছে এই অসাধারণ মুহূর্ত।

ছবিটি তুলতে গিয়ে অবশ্য বেশ দৌড়ঝাঁপ করতে হয়েছিল তাঁকে। দক্ষিণ আফ্রিকার নামিব মরুভূমিতে সেদিন একদল আলোকচিত্রীর কর্মশালা চলছিল। গোয়েটশ তাঁর শিক্ষার্থীদের নিয়ে এসেছিলেন মরুভূমির বালিয়াড়ির ওপর একটি পুরোনো গাছের পেছনে পূর্ণিমার চাঁদ ওঠার ছবি তুলতে। আশপাশে জিরাফ আছে, সেটি তাঁরা জানতেন। তবে ছবির পরিকল্পনায় জিরাফ ছিল না।

ক্যামেরা ও ট্রাইপড সাজানোর সময় হঠাৎ গোয়েটশের চোখে পড়ল, একটি বিশাল জিরাফ তাঁদের দিকে এগিয়ে আসছে। সম্ভবত আশপাশের শব্দে কৌতূহলী হয়ে প্রাণীটি কাছে চলে এসেছিল। গোয়েটশ বুঝতে পারলেন, জিরাফটি এগিয়ে গেলে চাঁদের ঠিক সামনে দিয়ে চলে যাবে। এমন সুযোগ হাতছাড়া করা যায় না!

ক্যামেরা আর ট্রাইপড নিয়ে দ্রুত দৌড় দিলেন তিনি। পেছনে থাকা দলের সদস্যদেরও চিৎকার করে দৌড়ে আসতে বললেন। সবাইকে ঠিক জায়গায় পৌঁছাতে হবে, তারপর ক্যামেরায় বন্দী করতে হবে সেই মুহূর্ত।

গোয়েটশের হাতে সময় ছিল খুব কম। তাঁর ভাষায়, ‘অসাধারণ একটি ছবি তোলার জন্য খুব অল্প সময় পাওয়া যায়। আমার মনে হয়েছিল, দৃশ্যটি দারুণ হবে। শেষ পর্যন্ত তা-ই হয়েছে।’

প্রথম কয়েকটি ছবি তোলার পরই বুঝতে পেরেছিলেন, অসাধারণ কিছু একটা ক্যামেরায় ধরা পড়েছে।

Scroll to Top