ফুটবলে কিছু জার্সি শুধুই খেলার পোশাক নয়। তার সঙ্গে জড়িয়ে থাকে ইতিহাস, আবেগ, উত্তরাধিকার। পর্তুগালের ৭ নম্বর জার্সি তেমনই এক নাম। কত বছর ধরে এই জার্সি পরেই মাঠ মাতিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার সেই জার্সিতে নতুন একজন। তবে রোনালদোর উত্তরাধিকার মুছে ফেলার কোনো চেষ্টা নেই। পর্তুগিজ ফুটবল ফেডারেশন জার্সির ৭ সংখ্যাটির ওপর একটি আড়াআড়ি দাগ টেনে রেখেছে। রোনালদোর চিরস্থায়ী অবদানকে সম্মান জানাতেই এই আয়োজন।
আর সেই জার্সি পরেই পর্তুগালের নতুন যুগের প্রথম জয়ের নায়ক কার্লোস ফর্বস। কার্ডিফে ওয়েলসের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে আজ ৩-২ গোলে জিতেছে পর্তুগাল। ৭০ মিনিটে বদলি হিসেবে নামা ফর্বসের গোলেই এসেছে জয়। রোনালদো-পরবর্তী যুগে পর্তুগালের এটাই প্রথম জয়।

