
শিশু রামিসার হত্যার মামলার রায় ঘোষণা উপলক্ষে পুলিশ ও আদালত উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী স্কুলশিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিল খারিজ করেএ রায় দেন আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার।
এর আগে সোমবার মামলায় আসামিদের আপিলের শুনানি শেষ হয়। একই সঙ্গে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য নিম্ন আদালত থেকে হাইকোর্টে পাঠানো ডেথ রেফারেন্স এবং আসামিদের আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানি ও নিষ্পত্তির জন্য আদালতে উপস্থাপন করা হয়।
নারী ও শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি দ্রুত নিষ্পত্তির জন্য গত ১০ জুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এই বেঞ্চ গঠন করেন। রামিসা ধর্ষণ ও হত্যা মামলাটিও ওই বেঞ্চের কার্যতালিকায় ছিল।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে সকালে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের পরদিন শিশুটির বাবা আব্দুল হান্নান পল্লবী থানায় মামলা করেন। মামলায় প্রতিবেশী সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার এবং অজ্ঞাতপরিচয় আরও একজনকে আসামি করা হয়।
তদন্তসংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, সোহেল রানা শিশুটিকে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে তাকে গলা কেটে হত্যা করেন এবং অপরাধের আলামত গোপন করতে মরদেহ টুকরো করার চেষ্টা করেন।
গত ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও আলামত নষ্টের অভিযোগ আনা হয়। তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে আলামত নষ্ট, মিথ্যা তথ্য প্রদান এবং স্বামীকে অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়।
এরপর গত ৭ জুন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রামিসাকে ধর্ষণ ও হত্যার দায়ে সোহেল রানাকে মৃত্যুদণ্ড দেন। একই অপরাধে সহায়তার দায়ে তার স্ত্রী স্বপ্না আক্তারকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। রায়ের পর দুই আসামি কারা কর্তৃপক্ষের মাধ্যমে পৃথক আপিল করেন। তারা নিম্ন আদালতের রায় বাতিল করে অভিযোগ থেকে খালাস চেয়েছিলেন।
তবে শুনানি শেষে মঙ্গলবার তাদের আপিল খারিজ করে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

