কোর্সে কারিগরি বিষয়ের পাশাপাশি রাখা হয়েছে সহকর্মী ও গ্রাহকের সঙ্গে যোগাযোগের কৌশল, রিমোট সাপোর্ট, পারসোনাল ব্র্যান্ডিং, সার্ভিস বিক্রির জন্য ডিজিটাল মার্কেটিং এবং এআই টুলের নানা ব্যবহার। আয়োজকদের মতে, অফিসের আইটি কর্মীর কাজের বড় অংশই হলো মানুষের সমস্যা বুঝে তার সমাধান করা, তাই এই দক্ষতাগুলোও জরুরি।
এক্সচেঞ্জকরি টেক একাডেমির প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের লক্ষ্য এমন দক্ষতা তৈরি করা, যা দিয়ে চাকরি পাওয়া যায় কিংবা নিজেই কিছু শুরু করা যায়।’
রাসেল আহমেদের মতে, ‘প্রশিক্ষণ শেষে কেউ কোনো প্রতিষ্ঠানে আইটি এক্সিকিউটিভ হিসেবে কাজ নিতে পারেন। আবার কেউ নিজের সার্ভিস ব্যবসা, আইটি পণ্য সরবরাহ, নেটওয়ার্ক ও সিসিটিভি ক্যামেরা সার্ভিসিংয়ের কাজ শুরু করতে পারেন। আমরা যতটা গুরুত্ব দিয়ে শেখাব, ততটা গুরুত্ব দিয়ে চাকরি পেতে সাহায্য করব, থাকবে দীর্ঘমেয়াদি অ্যালামনাই সহযোগিতা।’

