ইয়েমেনের বাজারে বিমান হামলায় নিহত ৩০, আহত আরও ৮ জন – DesheBideshe

ইয়েমেনের বাজারে বিমান হামলায় নিহত ৩০, আহত আরও ৮ জন – DesheBideshe


ইয়েমেনের বাজারে বিমান হামলায় নিহত ৩০, আহত আরও ৮ জন – DesheBideshe
ইয়েমেনের বাজার

সানা,০৭ নভেম্বর-ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েজ প্রদেশের একটি জনাকীর্ণ বাজারে বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

শুক্রবার (৬ নভেম্বর) তায়েজ প্রদেশের আল-ওয়াজিয়া এলাকার আল-হাদারা বাজারে এ হামলার ঘটনা ঘটে। হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-সাবাহি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানান, বিমান হামলায় এসব হতাহতের ঘটনা ঘটেছে।

তবে এ হামলার দায় নিয়ে হুথি বিদ্রোহী ও সৌদি-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী একে অপরকে দোষারোপ করেছে। সরকারি বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষ হামলার জন্য হুথিদের দায়ী করেছে। তাদের দাবি, ওই এলাকায় কোনো বিমান হামলা চালানো হয়নি।

অন্যদিকে, হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহইয়া সারি দাবি করেছেন, সৌদি আরবের যুদ্ধবিমান থেকে এ হামলা চালানো হয়েছে। তবে তার এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

হুথি মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৭টার দিকে বাজারটিতে তিনটি বিমান হামলা চালানো হয়। তিনি অভিযোগ করেন, সৌদি আরবের খামিস মুশাইত বিমানঘাঁটি থেকে যুদ্ধবিমানগুলো উড্ডয়ন করেছিল। এ বিষয়ে মন্তব্য জানতে সৌদি আরবের তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো উত্তর পাওয়া যায়নি।

আল-মাসিরাহ টেলিভিশনে প্রচারিত একটি ভিডিওতে হামলার পর ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। ভিডিওতে ক্ষতিগ্রস্ত ভবন, ধ্বংস হয়ে যাওয়া যানবাহন, চারদিকে ছড়িয়ে থাকা ফলের বাক্স এবং ধ্বংসস্তূপ পড়ে থাকতে দেখা যায়।

এস এম/ ০৭ নভেম্বর ২০২৬

Scroll to Top