
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্পে প্রায় ৮০০ মিলিয়ন থেকে ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ ও পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর পোর্ট অথরিটি (পিএসএ)। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনার ডেরেক লো।
মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়।
বৈঠকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক ও বাণিজ্যিক অবকাঠামোর উন্নয়ন, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), সাইবার নিরাপত্তা এবং বাংলাদেশ পুলিশের আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে হাইকমিশনার জানান, বে টার্মিনাল প্রকল্প বাস্তবায়নে পিএসএ প্রস্তুত রয়েছে। প্রকল্পটি চালু হলে বাংলাদেশের পণ্য পরিবহনের ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। পাশাপাশি তৈরি পোশাক খাতের শ্রমিকদের সামগ্রিক কল্যাণেও ইতিবাচক প্রভাব পড়বে।
এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়, ইনভেস্ট বাংলাদেশ ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
হাইকমিশনার আরও জানান, বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা বাড়াতে চুক্তিটি দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
বৈঠকে সাইবার নিরাপত্তা, ডিজিটাল জালিয়াতি ও অনলাইন প্রতারণা প্রতিরোধে বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণ ও সক্ষমতা বাড়াতে সিঙ্গাপুরের সহযোগিতা চান সালাহউদ্দিন আহমদ। বাংলাদেশ পুলিশে অতিরিক্ত আইজিপির নেতৃত্বে নতুন ‘পুলিশ সাইবার ইউনিট’ গঠনের প্রক্রিয়া চলছে উল্লেখ করে এ ক্ষেত্রে সিঙ্গাপুরের অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের আগ্রহ প্রকাশ করেন তিনি।
জবাবে সিঙ্গাপুরের প্রতিনিধি দল প্রশিক্ষণ ও যৌথ সাইবার তদন্তে সহযোগিতার আশ্বাস দেয়।
এ ছাড়া সিঙ্গাপুর কো-অপারেশন প্রোগ্রামের আওতায় বাংলাদেশের সরকারি কর্মকর্তা ও তরুণ সংসদ সদস্যদের অভিজ্ঞতা বিনিময় সফর এবং বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার প্রস্তাব দেন হাইকমিশনার। স্বরাষ্ট্রমন্ত্রী এ প্রস্তাবকে স্বাগত জানান।
বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের হাইকমিশনারকে স্বাগত জানান। এ সময় হাইকমিশনার সুবিধাজনক সময়ে তাকে সিঙ্গাপুর সফরের আমন্ত্রণ জানান।
সাক্ষাৎকালে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওং, পিএসএ ইন্টারন্যাশনালের আঞ্চলিক প্রধান ওং জি পিং, এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের দক্ষিণ এশিয়াবিষয়ক প্রতিনিধি বেঞ্জামিন চু, সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেস্ক কর্মকর্তা মৃথিনী ত্যাগরাজন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…


