আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে শফিকুর রহমান এ কথা বলেন। এক মাস কারাভোগ শেষে মেজর (অব.) আখতারুজ্জামানের কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া উপলক্ষে সেখানে এক সংবর্ধনার আয়োজন করে জামায়াত।
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ‘আমরা সংসদের ভেতরেও বলেছি, এই বসন্তের কোকিল যারা এসেছে কুহু কুহু করতে, বসন্তকাল পরে ওদের আর দেখা পাবেন না। আপনাদের যখন গ্রীষ্মকাল কিংবা বর্ষাকাল আসবে তখন এদের আর খুঁজে পাবেন না। আপনাদের ফেলে রেখে ওরা পালিয়ে যাবে।’
ব্রিফিংয়ে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, গত ১ অক্টোবর জামায়াতের ৩৪ জন সংসদ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা ওমরাহ শেষে দেশে ফেরার পর লাগেজ পেতে তিন ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল। লাগেজের একটি অংশ আসার পরও জমজমের পানিসহ অন্য মালামাল না পাওয়ায় আখতারুজ্জামান প্রতিবাদ করেন।
শফিকুর রহমানের দাবি, প্রতিবাদের সময় আখতারুজ্জামান কারও গায়ে হাত দেননি। কিন্তু তাঁর বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও কর্মকর্তার গায়ে হাত দেওয়ার অভিযোগে মিথ্যা মামলা করা হয়।


