
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নতুন নাটকীয়তা তৈরি হয়েছে। ডেমোক্র্যাট প্রার্থী আব্দুল এল-সাইয়েদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে বলেছেন, নির্বাচনে জয়ের পর তাকে ‘সিনেটর’ বলে ডাকতে বাধ্য হবেন ট্রাম্প। অন্যদিকে, ডেমোক্র্যাট দলের প্রাথমিক নির্বাচনে পরাজিত প্রার্থী ও কংগ্রেসওম্যান হেলি স্টিভেন্স দলীয় প্রার্থীকে সমর্থন না দিয়ে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের পক্ষে অবস্থান নিয়েছেন।
সোমবার (২ নভেম্বর) ডেট্রয়েটে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এল-সাইয়েদ ট্রাম্পের সমালোচনার জবাব দেন। তিনি বলেন, ট্রাম্প যতই তার নাম বিকৃত করে ডাকুন না কেন, নির্বাচনের ফল প্রকাশের পর তাকে ‘সিনেটর’ বলে সম্বোধন করতে হবে।
তবে এল-সাইয়েদের আত্মবিশ্বাসী প্রচারণার মধ্যেই ডেমোক্র্যাট শিবিরে অস্বস্তি তৈরি করেছেন হেলি স্টিভেন্স। প্রাথমিক নির্বাচনে এল-সাইয়েদের কাছে পরাজিত এই ডেমোক্র্যাট নেত্রী শেষ মুহূর্তে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থন দিয়েছেন। ডেট্রয়েটের একটি গির্জায় রজার্সের সঙ্গে যৌথ উপস্থিতিতে নিজের অবস্থান জানান তিনি।
স্টিভেন্সের এই সিদ্ধান্তে ডেমোক্র্যাট শিবিরে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। দলীয় নেতৃত্ব তার অবস্থান প্রত্যাখ্যান করেছে এবং তাকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে।
এদিকে, এল-সাইয়েদ ঘটনাটিকে রাজনৈতিক বিভ্রান্তি হিসেবে দেখছেন। তার মতে, দলীয় মতপার্থক্য নিয়ে ব্যস্ত না থেকে ভোটারদের স্বাস্থ্যসেবা, জীবনযাত্রার ব্যয় কমানো এবং অর্থনৈতিক সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে মনোযোগ দেওয়া উচিত।
স্টিভেন্সের সমর্থন রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের প্রচারণায় নতুন গতি যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ফলে মধ্যবর্তী নির্বাচনের আগে মিশিগানের গুরুত্বপূর্ণ সিনেট আসনটির লড়াই আরও জমে উঠেছে।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

