
ব্যাটিংয়ে সম্প্রতি ভালো যাচ্ছে না বাংলাদেশের। সবশেষ সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে টাইগারদের ব্যাট হাতে পারফরম্যান্স ছিল হতশ্রী। সিরিজে দুটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। এমনকি কোনো ম্যাচেই ৫০ ওভার ব্যাট করতে পারেনি, অলআউট হয়েছে দুইশর আগেই। ব্যাটিংয়ে ভরাডুবির কারণে দায়িত্ব হারালেন টাইগারদের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।
শনিবার সন্ধ্যায় আশরাফুলকে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি একজন পরিচালক চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে আশরাফুলকে অন্যকোনো দায়িত্ব দেয়া হবে। সাবেক এই অধিনায়কের জায়গায় অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাউদ্দিন।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন আশরাফুল। চুক্তির মেয়াদ এক বছর বাকি থাকতেই দায়িত্ব হারালেন।
২০২৫ সালে ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজের আগে ব্যাটিং কোচের দায়িত্ব পান আশরাফুল। তখন অবশ্য সিরিজটির জন্যই দায়িত্ব দেয়া হয়েছিল। পরে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত আশরাফুলের চুক্তি বাড়ানো হয়।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…


