জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (২৪ অক্টোবর) দলটির পক্ষ থেকে সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এ বিবৃতি প্রকাশ করা হয়।
বিবৃতিতে জামায়াতের পক্ষ থেকে বলা হয়, রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। দেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পীর গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড জননিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রার জন্য হুমকিস্বরূপ।
এতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ধরনের অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। দেশের প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
বিবৃতিতে ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একইসঙ্গে ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ওই ঘটনার পেছনের প্রকৃত কারণ উদঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও জোর দাবি জানানো হয়।




