যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে কোনো সামরিক আগ্রাসন চালালে পারস্য উপসাগরীয় অঞ্চলে সর্বাত্মক পাল্টা আঘাতের কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ওয়াশিংটন ও তেল আবিব আবার হামলা চালালে উপসাগরীয় অন্তত সাতটি দেশের তেল স্থাপনা, সমুদ্রতলের ডেটা কেব্ল, ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো ধ্বংস করার হুমকি দিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসেন রেজাই এ কড়া বার্তা দিয়েছেন।
মহসেন রেজাই বলেন, সংঘাত ছড়িয়ে পড়লে তেহরান আরও বড় ও ধ্বংসাত্মক সামরিক কৌশল নেবে। তিনি বলেছেন, একদিকে ইরানের অর্থনৈতিক চালিকা শক্তিতে আঘাত হানা হবে, আর অন্যদিকে হামলাকারীদের সহযোগী অর্থনৈতিক অবকাঠামো অক্ষত থাকবে, এমন কোনো সমীকরণ মেনে নেওয়া হবে না।


