মাগুরায় ক্রীড়া সংস্থার কার্যক্রমে স্থবিরতা, হতাশ ক্রীড়াবিদ ও সংগঠকেরা 

মাগুরায় ক্রীড়া সংস্থার কার্যক্রমে স্থবিরতা, হতাশ ক্রীড়াবিদ ও সংগঠকেরা 

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) অনুমোদিত স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী, চার বছর মেয়াদি কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়। ২০২৪ সালে সরকার পতনের পর দেশের সব ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ বিলুপ্ত করে অ্যাডহক কমিটি গঠন করা হয়। গত ফেব্রুয়ারি মাসে এই অ্যাডহক কমিটি বিলুপ্ত করে স্থানীয় ক্রীড়া সংস্থাগুলোর স্থবিরতা দূর করতে গঠনতন্ত্র অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন আয়োজন এবং নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের জন্য আবার অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

জেলা ক্রীড়া দপ্তর সূত্রে জানা গেছে, এনএসসি থেকে মাগুরা সদর ও শালিখা উপজেলা ক্রীড়া সংস্থার জন্য ২০২৬ সালের ৮ জুন এবং মহম্মদপুর ও শ্রীপুর উপজেলার জন্য ১২ সেপ্টেম্বর নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।

তবে স্থানীয় ক্রীড়া সংগঠকদের অভিযোগ, এনএসসি থেকে কমিটি অনুমোদনের চিঠি প্রশাসনিক দপ্তরে পড়ে থাকলেও নবগঠিত কমিটির সদস্য বা স্থানীয় সংগঠকদের সে বিষয়ে কিছুই জানানো হয়নি।

মাগুরা সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মারুফ হোসেন প্রথম আলোকে বলেন, অ্যাডহক কমিটি অনুমোদিত হয়েছে। অথচ এখনো কোনো সভা আহ্বান করেননি সভাপতি (ইউএনও)। এর ফলে নির্বাচনের প্রস্তুতি বা অন্য কোনো বিষয়ে তাঁরা অগ্রসর হতে পারছেন না। 

গতকাল বুধবার বিকেলে মাগুরা জেলা স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, মাঠে ক্রিকেট, ফুটবল ও কাবাডির অনুশীলন চলছে। তবে এ সময় সেখানে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয় বন্ধ ছিল। খেলোয়াড়দের সঙ্গে কথা বলে জানা যায়, সাধারণত সকাল থেকে দুপুর পর্যন্ত ক্রীড়া সংস্থার দাপ্তরিক কার্যক্রম চলে।

Scroll to Top