বিশ্বে শিল্পভিত্তিক কৃষি মূলত একফসলি চাষ ও জীবাশ্ম জ্বালানি থেকে তৈরি নাইট্রোজেন সারের ওপর চরমভাবে নির্ভরশীল। তবে এই মডেল দীর্ঘ মেয়াদে মারাত্মক ক্ষতিকর প্রমাণিত হচ্ছে। নাইট্রোজেনভিত্তিক সংশ্লেষিত সার (যেমন: অ্যামোনিয়াম ও সালফার) সময়ের সঙ্গে সঙ্গে মাটির পিএইচ মাত্রা বিপজ্জনকভাবে কমিয়ে দেয়। ফলে মাটি অতিরিক্ত অম্লীয় হয়ে পড়ে এবং ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো প্রয়োজনীয় খনিজ উপাদানগুলো উদ্ভিদ শোষণ করতে পারে না। একই সঙ্গে মাটির বন্ধু কেঁচো ও উপকারী অণুজীব মারা যায়। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের ৯৫ শতাংশ কৃষক অতিরিক্ত মাত্রায় নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও সালফার ব্যবহার করেন। অনেক ক্ষেত্রে কৃষক সুপারিশকৃত মাত্রার চেয়ে ২ থেকে ৫ গুণ বেশি সার ব্যবহার করেন। জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ২০১৫–২০১৭ সালের এক সমীক্ষায় দেখা গেছে, জরিপ করা ১০ হাজার ক্যানসার রোগীর মধ্যে অন্তত ১০০ জনই কৃষক। যার অন্যতম কারণ অনিয়ন্ত্রিত কীটনাশক ও সার ছিটানো।
এসব সমস্যার বিকল্পে কৃষকেরা কাজ করছেন। বাংলাদেশের আনারসের রাজধানীখ্যাত টাঙ্গাইলের মধুপুরে মোট আনারসের ৬০ শতাংশের বেশি উৎপাদিত হয়। এখানকার স্থানীয় কৃষকেরা কেঁচো সারের মাধ্যমে সফলভাবে চাষাবাদ করছেন। রাসায়নিক সারের মতো হঠাৎ অতিরিক্ত পুষ্টি না দিয়ে ভার্মিকম্পোস্ট মাটিকে ধীর ও টেকসই গতিতে সুষম পুষ্টি জোগায় এবং মাটির স্বাভাবিক জৈব গুণাগুণ ফিরিয়ে আনে। গ্যাসের সংকটে বালাইনাশক আমদানি বন্ধ হয়ে যাওয়ায় ঝিনাইদহের নারী কৃষকেরা রাসায়নিক সার ও কীটনাশক পুরোপুরি ত্যাগ করেছেন। নিজ উদ্যোগে প্রাকৃতিক জৈব উপায়ে তৈরি বালাইনাশক ব্যবহার করছেন তাঁরা।

