সিলেটে গ্যাস বিলের পেমেন্ট সার্ভারে জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে গ্যাস বিলের পেমেন্ট সার্ভারে কারসাজি করে সরকারি অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। এ তথ্য উদ্ঘাটন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পেমেন্ট সার্ভারে কৌশলে তথ্য পরিবর্তনের জালিয়াতি ধরা পড়ে।

গ্যাস বিলের পেমেন্ট সার্ভার

এছাড়া প্রশিক্ষণ কেন্দ্রের হলরুম ও ভেন্যু ভাড়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ পেয়েছে দুদক। দুদক সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান চালায়।

জানা যায়, প্রশিক্ষণ কেন্দ্রের মিটার নম্বর (২৪০৯০০৩৯৫)। এ মিটারের বিপরীতে গ্রাহকের পরিশোধ করা প্রকৃত গ্যাস বিল কৌশলে সার্ভারে ‘অপরিশোধিত’ দেখিয়ে অর্থ আত্মসাৎ করা হতো নিয়মিত। এছাড়া হলরুম ও ভেন্যু ভাড়া থেকে প্রাপ্ত অর্থ এবং প্রশিক্ষণ কার্যক্রমে বরাদ্দ গ্যাস সিলিন্ডারের অর্থ লেনদেনেও অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।

বৃহস্পতিবার অভিযানকালে দুদকের টিম আলোচিত মিটার নম্বরসংক্রান্ত সব দাপ্তরিক কাগজপত্র তলব করে, পাশাপাশি ভেন্যু ভাড়ার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের (এসিআই লি.) কাছে সংশ্লিষ্ট সব রেকর্ড সরবরাহের নির্দেশ দিয়ে চিঠি দেয়।

জানা যায়, তলবকৃত নথি ও দাপ্তরিক কাগজপত্র পাওয়ার পর তা যাচাই করে তদন্ত প্রতিবেদন দুদক কমিশনে পাঠানো হবে। দুদক সিলেটের সহকারী পরিচালক সুবেল আহমদ জানান, জালিয়াতির সঙ্গে জড়িত সংশ্লিষ্টদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Scroll to Top