এক লুটেরার হাত থেকে ক্ষমতা আরেক লুটেরার হাতে গেছে: জামায়াত আমির

রাষ্ট্রক্ষমতা এক লুটেরার হাত থেকে আরেক লুটেরার হাতে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে অনেকের মনে হচ্ছে—এক লুটেরার হাত থেকে আরেক লুটেরার হাতে ক্ষমতা ন্যস্ত হয়েছে।

ক্ষমতা

গতকাল শুক্রবার সকালে গাজীপুরের টঙ্গীতে জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। টঙ্গীর শহীদ আব্দুল মালেক মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করে গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী।

শফিকুর রহমান বলেন, দেশের মানুষের মৌলিক অধিকার এখনো প্রতিষ্ঠা হয়নি। সমাজে দুর্নীতি, অনিয়ম ও অন্যায় বেড়েছে। তিনি বলেন, বর্তমান সরকার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে জনগণের প্রত্যাশা পূরণ করছে না। এভাবে চলতে থাকলে এই সরকারের পরিণতিও আগের সরকারের মতো হতে পারে। জামায়াত আমির বলেন, গত নির্বাচনের আগে একটি দল বলেছিল, নির্বাচন হয়ে গেলে দেশের সব সমস্যার সমাধান হবে। কিন্তু সমস্যা আরও বেড়েছে।

তার অভিযোগ, আগের সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে। তিনি বলেন, জনগণ এমন পরিবর্তন প্রত্যাশা করেনি। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারকে এর রাজনৈতিক পরিণতি মোকাবিলা করতে হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, স্থানীয় নির্বাচনে বিজয়ী হতে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে। দেশ ও জাতির প্রত্যাশা পূরণে জামায়াতে ইসলামীকে এগিয়ে আসতে হবে। বাধা এলে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে তা মোকাবিলার কথাও বলেন তিনি।

গাজীপুর মহানগর জামায়াতের আমির জামাল উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুর রউফ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য শাহজাহান, দেলাওয়ার হোসেন, ড. খলিলুর রহমান মাদানী, গাজীপুর জেলা জামায়াতের সাবেক আমির আবুল হাশেম খান, জেলা আমির ড. জাহাঙ্গীর আলম।

Scroll to Top