
ভারতের দিল্লিতে শিক্ষার্থীদের আটক এবং তিরঙ্গা মিছিলের ওপর বিধিনিষেধ আরোপের সমালোচনা করেছেন অভিনেতা ও অধিকারকর্মী প্রকাশ রাজ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি জানতে চেয়েছেন, ‘ঘরে ঘরে তিরঙ্গা’ স্লোগানের কী হলো?
ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রকাশ রাজ বলেন, ‘ভয়টা স্পষ্ট। আমি মোদিজিকে প্রশ্ন করছি, আপনার “ঘরে ঘরে তিরঙ্গা” স্লোগানের কী হলো? আপনিই তো এই স্লোগান শুরু করেছিলেন। এখন শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করতে যাওয়ায় শিক্ষার্থী ও তরুণদের গ্রেপ্তার কেন করছেন?’
প্রতিবাদকারীরা নিরস্ত্র এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন উল্লেখ করে প্রকাশ রাজ বলেন, এটি তাদের সাংবিধানিক অধিকার। মহাত্মা গান্ধী ও বি আর আম্বেদকরের দেখানো পথ অনুসরণ করেই তারা প্রতিবাদ করছেন।
নির্বাচন কমিশনের ভূমিকা এবং ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেতা। তার মতে, দেশজুড়ে গণতান্ত্রিক প্রতিবাদ অব্যাহত থাকবে।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অপসারণ না করা পর্যন্ত দেশজুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন অভিনেতা ও অধিকারকর্মী প্রকাশ রাজ। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধেও আন্দোলন অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৬ অক্টোবর) ভারতের তিরুবনন্তপুরমের মানবীয়ম বীথিতে (কেরালা) জ্ঞানেশ কুমার ও এসআইআরের বিরুদ্ধে আয়োজিত এক প্রতিবাদ সভায় অংশ নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন প্রকাশ রাজ।
সভা শুরুর আগে মাইক্রোফোন ব্যবহারের অনুমতি না থাকার কথা জানিয়ে পুলিশ আয়োজকদের বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে সামান্য ধস্তাধস্তি হলেও পরে সভা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
প্রকাশ রাজ বলেন, আন্দোলন দমনের চেষ্টা সত্ত্বেও দেশের তরুণেরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ চালিয়ে যাবেন। মহাত্মা গান্ধী, বি আর আম্বেদকর ও ভগৎ সিংয়ের আদর্শে অনুপ্রাণিত হয়েই তারা এই লড়াই চালিয়ে যাবেন।
তিনি বলেন, ‘আমাদের শরীরে গান্ধীর রক্ত আছে, আম্বেদকরের রক্ত আছে, ভগৎ সিংয়ের রক্ত আছে। আমরা লড়াই চালিয়ে যাব, সারা দেশে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করব। আপনাদের স্বৈরাচারী আচরণ করেও পার পেয়ে যাওয়ার ধারণা আমরা ভুল প্রমাণ করব।’
প্রতিবাদে বাধা দেওয়া এবং আন্দোলনকারীদের আটক করার বিষয়েও নির্বাচন কমিশনকে প্রশ্ন করেন এই অভিনেতা। তার ভাষ্য, ‘আমরা প্রশ্ন করছি, জ্ঞানেশ কুমার, আপনারা আমাদের থামাচ্ছেন কেন? আপনারা আমাদের বাধা দিচ্ছেন, বেআইনিভাবে আটক করছেন। এ থেকেই বোঝা যায়, কোথাও কিছু একটা ভুল হচ্ছে।’ রেডিফ, ইন্ডিয়া টুডে
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…


