
ছবি: সংগৃহীত
🎧অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকেটের যাত্রী ধরাকে কেন্দ্র করে হামলা চালিয়ে মারধর করা হয়েছে স্টেশন মাস্টার ও এক টিকেট কলেকটরকে। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্টেশনের কর্মচারীরা জানায়, সকালে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনে আসা এক যাত্রীর কাছে টিকেট না থাকায় তাকে গেইটে দাঁড় করান টিকেট কালেকটর সঞ্জিত মন্ডল। এ নিয়ে ওই যাত্রী তার সঙ্গে কথা কাটাকাটিতে লিপ্ত হন। পরে টিকেট কালেকটর তাকে স্টেশনের পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। সেসময় বিনা টিকেটের যাত্রীর ফোন পেয়ে আরও ১০/১২জন সেখানে জড়ো হয়। ওই যাত্রী নিজেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দেয়। ফাঁড়ি ইনচার্জ এসআই শাহআলম মিয়া তখন বিষয়টি মিটমাট করে দেন এবং বিনা টিকেটের যাত্রীকে ছেড়ে দেন।
এ ঘটনার জের ধরে দুপুর ১২টার দিকে বিনা টিকেটের ওই যাত্রী আবার ৮/১০জনকে নিয়ে এসে হামলা চালিয়ে মারধর করে টিকেট কালেকটর সঞ্জিত মন্ডলকে। স্টেশন মাস্টারের কক্ষের সামনে সঞ্জিতকে মারধর করতে দেখে স্টেশন মাস্টার সাকিল জাহান তাকে বাঁচাতে এগিয়ে এলে সাকিলকেও মারধর করা হয়।
ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার সাকিল জাহান জানান, ট্রেনে বিনা টিকেটে আসা এক যাত্রীকে ধরায় টিকেট কালেকটরকে মারধর করা হয়েছে। তাকে রক্ষা করতে গিয়ে তিনিও হামলার শিকার হন। পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা করা হয়। এমন হলে টিকেট কালেকটররা কাজ করবে কিভাবে। সেটি নিয়ে আতঙ্কিত অবস্থায় আছেন। এ বিষয়ে তারা অভিযোগ দিচ্ছেন।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব ইন্সপেক্টর মো. শাহআলম মিয়া জানান, সকালে বিনা টিকেটের এক যাত্রী দলবল নিয়ে এলে তিনি ঘটনাটি মিটমাট করে দেন। এরপর আবার দুপুরে এসে দু’জনকে মারধর করেছে। এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

