
🎧অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
পটুয়াখালীর কুয়াকাটায় রাখাইন সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা শতবর্ষী একটি বটবৃক্ষ সংরক্ষিত ঘোষণা করা হয়েছে। বৃক্ষটির সুরক্ষা নিশ্চিত করতে গত ১২ অক্টোবর কুয়াকাটা মহিলা রাখাইন মার্কেট এলাকায় একটি বিলবোর্ড স্থাপন করেছে উপকূলীয় বন বিভাগ ও কুয়াকাটা পৌরসভা। বৃক্ষটির ক্ষতিসাধন রোধ এবং এর আশপাশের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বটবৃক্ষটি রাখাইন সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে পরিচিত। প্রজন্মের পর প্রজন্ম ধরে গাছটি স্থানীয় মানুষের স্মৃতি ও জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে। একই সঙ্গে এর বিস্তৃত ডালপালা ও ছায়ায় আশ্রয় নেয় বিভিন্ন প্রজাতির পাখি, ছোট প্রাণী ও কীটপতঙ্গ। ফলে বৃক্ষটি স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণেও ভূমিকা রাখছে।

বিলবোর্ড স্থাপন কার্যক্রমে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার পৌর প্রশাসক ইয়াসীন সাদেক, উপকূলীয় বন বিভাগের কুয়াকাটা বিটের কর্মকর্তা-কর্মচারীরা, কুয়াকাটা কেন্দ্রীয় শ্রীমঙ্গল বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত ইন্দ্রবংশ থেরো, মিশ্রীপাড়া বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত উত্তম মহাথেরো, স্থানীয় জনপ্রতিনিধি মতিউর রহমান হাওলাদার, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাইনুল ইসলাম, অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
শতবর্ষী বটবৃক্ষটিকে সংরক্ষিত ঘোষণা করে বিলবোর্ড স্থাপনের উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ উদ্যোগের মাধ্যমে কুয়াকাটার ঐতিহ্যবাহী বৃক্ষটির সুরক্ষা এবং স্থানীয় মানুষের মধ্যে পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা বাড়বে। তবে বৃক্ষটির দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত পরিচর্যা, ক্ষতিসাধন প্রতিরোধ এবং আশপাশের পরিবেশ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
শতবর্ষী এই বটবৃক্ষ সংরক্ষণের উদ্যোগ স্থানীয় ঐতিহ্য ও জীববৈচিত্র্য রক্ষায় একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণের গুরুত্বও তুলে ধরা সম্ভব হবে।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

