সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুষ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ার পর চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নম্বর রাজারগাঁও ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়কের পদ থেকে শুভ চন্দ্র বর্মনকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন।
রোববার (১১ অক্টোবর) চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বরখাস্তের বিষয়টি জানানো হয়।
অফিস আদেশ সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অফিস সহায়কের টাকা নেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। প্রকৃতপক্ষে ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়কের সেবাগ্রহীতাদের কাছ থেকে কোনো ধরনের অর্থ গ্রহণের আইনগত সুযোগ নেই। সরকারি দায়িত্বে নিয়োজিত থেকে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড স্পষ্টতই দুর্নীতিপরায়ণতার শামিল।
এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধি অনুযায়ী দুর্নীতিপরায়ণতার অভিযোগে তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই বিধিমালার ১২(১) বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ রোববার (১১ অক্টোবর) থেকেই কার্যকর করা হয়েছে।
এছাড়া অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে পূর্ণাঙ্গ বিভাগীয় মামলা দায়েরের লক্ষ্যে দ্রুত অভিযোগ বিবরণী প্রস্তুত করে জেলা প্রশাসকের দপ্তরে পাঠানোর জন্য হাজীগঞ্জের সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে।



